
কানাডার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা সিআরটিসি (কানাডিয়ান রেডিও-টেলিভিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন) টেলিকম খাতের জন্য নতুন একগুচ্ছ নিয়ম চালু করেছে। এসব নিয়ম সরাসরি দেশের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর জীবনে প্রভাব ফেলবে। মূল উদ্দেশ্য হলো বড় ধরনের নেটওয়ার্ক আউটেজের সময় নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখা এবং সরকারের কাছে স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করা।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডার বিভিন্ন প্রদেশে বারবার বড় আকারের নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২২ সালে, যখন রজার্স-এর প্রায় ১৫ ঘণ্টাব্যাপী সেবা বিভ্রাটে গোটা দেশ অচল হয়ে পড়ে। সেই আউটেজে শুধু সাধারণ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে ব্যাঘাত ঘটেনি, বরং বন্ধ হয়ে যায় ৯১১ জরুরি কল, ব্যাংক লেনদেন, হাসপাতালের যোগাযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজ। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, এমন পরিস্থিতি সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এই প্রেক্ষাপটে সিআরটিসি মনে করছে, টেলিকম কোম্পানিগুলোকে আরও বেশি দায়বদ্ধ করা জরুরি, যাতে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়ানো যায়।
সিআরটিসি ঘোষণা করেছে, আগামী ৪ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তবে এর আগে গত দুই বছর ধরে এগুলো পরীক্ষামূলকভাবে চালু ছিল।
নিয়মগুলো যথাক্রমে ১) কোনো বড় আউটেজ ঘটলে দুই ঘণ্টার মধ্যে টেলিকম কোম্পানিকে সিআরটিসি, সেফটি কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে অবহিত করতে হবে। ২) আউটেজ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে, যেখানে ঘটনার কারণ, ক্ষতির বিবরণ এবং ভবিষ্যতে একই সমস্যা ঠেকাতে করণীয় স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ৩) গ্রাহকদের স্বার্থে দ্রুত ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। ৪) দীর্ঘ সময় সেবা বন্ধ থাকলে গ্রাহককে আংশিক বিল ফেরত বা বিলক্রেডিট দিতে হবে। ৫) নেটওয়ার্ক অবকাঠামো এমনভাবে ডিজাইন ও পরিচালনা করতে হবে, যাতে আউটেজের ঝুঁকি কমে আসে।
সিআরটিসির চেয়ারম্যান জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হলো কানাডিয়ানদের সুরক্ষা নিশ্চিত করা। বড় কোনো আউটেজ হলে নাগরিকরা যেন সময়মতো তথ্য, বিকল্প ব্যবস্থা এবং ন্যায্য ক্ষতিপূরণ পান।”
গ্রাহক সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এতদিন টেলিকম কোম্পানিগুলো আউটেজকে “ব্যবসার অংশ” বলে দায় এড়ানোর চেষ্টা করত, কিন্তু নতুন নিয়মে তারা সরাসরি গ্রাহকের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে।
অন্যদিকে, কিছু টেলিকম কোম্পানি বলছে, এই নিয়ম মেনে চলতে তাদের পরিচালন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত গ্রাহকের ওপর চাপ ফেলতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদে এই নিয়মগুলো শিল্পখাতে আস্থা ফিরিয়ে আনবে এবং কানাডিয়ানরা নেটওয়ার্ক সেবাকে আরও নির্ভরযোগ্য বলে মনে করবেন।
এই পদক্ষেপ শুধু গ্রাহক সুরক্ষার জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তার অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। কারণ নেটওয়ার্ক বিভ্রাট মানে জরুরি পরিষেবা, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া যা একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর সমাজে অগ্রহণযোগ্য।
একই সঙ্গে, এই নিয়ম টেলিকম কোম্পানিগুলোকে তাদের অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে এবং প্রযুক্তিগত মান উন্নত করতে উৎসাহিত করবে। যদিও প্রাথমিকভাবে কোম্পানিগুলোর খরচ বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে তা গ্রাহকের জন্যই লাভজনক হবে।
সব মিলিয়ে, সিআরটিসির নতুন নির্দেশনা কানাডার টেলিকম শিল্পে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং আস্থা বৃদ্ধির পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
