টরন্টো ট্রানজিট কমিশনের মাসিক পাস পরিবর্তন হচ্ছে

টরন্টোবাসীর যাতায়াত ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন

টরন্টোবাসীর যাতায়াত ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। টরন্টো ট্রানজিট কমিশন (টিটিসি) ঘোষণা করেছে, প্রচলিত মাসিক পাস শিগগিরই বাতিল হতে যাচ্ছে। এর পরিবর্তে চালু করা হবে নতুন ভাড়া সীমা ব্যবস্থা, যেখানে মাসে নির্দিষ্ট সংখ্যক যাত্রার পর অতিরিক্ত ভাড়া আর দিতে হবে না। অর্থাৎ একবার যাত্রা-সীমা পূর্ণ হলে মাসের বাকি দিনগুলোতে যাত্রা হবে একেবারে বিনামূল্যে।

বর্তমানে প্রাপ্তবয়স্কদের জন্য মাসিক পাসের দাম ১৫৬ ডলার। তবে অনেক যাত্রী এই পাসকে আর তেমন কার্যকর বলে মনে করছেন না। কারণ, বেশিরভাগ মানুষ মাসে এতবার ভ্রমণ করেন না যে পাসের পুরো মূল্য ওঠে আসে। ফলে যারা কম যাতায়াত করেন, তাদের জন্য মাসিক পাস হয়ে দাঁড়ায় বাড়তি বোঝা। বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া সীমা ব্যবস্থা যাত্রীদের জন্য হবে অনেক বেশি নমনীয় ও সাশ্রয়ী।

- Advertisement -

টিটিসি তিনটি ভিন্ন সীমা নিয়ে আলোচনা করছে, যেমন – ১) ৪৭ বার যাত্রার সীমা: বছরে প্রায় ১০ মিলিয়ন ডলারের রাজস্ব কমবে, তবে যাত্রী বাড়বে প্রায় ৩.৬ মিলিয়ন ২) ৪৪ বার যাত্রার সীমা: রাজস্ব ক্ষতি হবে প্রায় ১৯ মিলিয়ন ডলার, কিন্তু যাত্রী বাড়বে ৭ মিলিয়ন এবং ৩) ৪০ বার যাত্রার সীমা: রাজস্ব ক্ষতি হবে প্রায় ৩৫ মিলিয়ন ডলার, তবে যাত্রী বাড়বে ১৬.৮ মিলিয়ন। অর্থাৎ, সীমা যত কম ধরা হবে, তত বেশি মানুষ গণপরিবহন ব্যবহারে উৎসাহী হবেন।

এই নতুন ব্যবস্থায় মাসের শুরুতেই বড় অঙ্কের টাকা খরচের চাপ থাকবে না। প্রতিদিন নিয়মিত ভাড়া দিয়েই যাত্রা শুরু হবে। এরপর নির্ধারিত সীমা পূর্ণ হলে মাসজুড়ে আর কোনো অতিরিক্ত ভাড়া দিতে হবে না। এতে একদিকে কম যাতায়াতকারী যাত্রীরাও সাশ্রয় করবেন, অন্যদিকে যারা নিয়মিত যাতায়াত করেন তারা আরও বেশি লাভবান হবেন।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, ভাড়া সীমা গণপরিবহনে যাত্রী সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু আর্থিক চাপ কমাবে না, বরং মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক ট্রানজিটে আসতে উৎসাহিত করবে।

যাত্রী অধিকার সংগঠনও এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষায়, এটি হবে “সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তি।” প্রতিটি যাত্রা আগের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হয়ে উঠবে, যা শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।

অনেক কাউন্সিলরও পরিকল্পনার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, এটি যাত্রীবান্ধব সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদে টরন্টোর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করবে।

প্রস্তাবটি আগামী বছরের বাজেট আলোচনায় অনুমোদন পেলে কার্যকর হবে। তখন মাসিক পাস চলে যাবে ইতিহাসে, আর টরন্টোবাসী নতুন ভাড়া সীমা ব্যবস্থার অভিজ্ঞতা নিতে পারবেন।

পরিবহন বিশেষজ্ঞরা আশা করছেন, এই পরিবর্তন কেবল যাত্রীদের অর্থ সাশ্রয় করবে না, বরং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারে মানুষকে আরও উৎসাহী করবে।

- Advertisement -

Read More

Recent