কানাডা পোস্টের নতুন প্রস্তাব

আর্থিক সংকট ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে এগোতে থাকা কানাডা পোস্ট ধর্মঘটী পোস্টাল কর্মীদের জন্য নতুন প্রস্তাব দিয়েছে

আর্থিক সংকট ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে এগোতে থাকা কানাডা পোস্ট ধর্মঘটী পোস্টাল কর্মীদের জন্য নতুন প্রস্তাব দিয়েছে। সংস্থার দাবি, এটি তাদের “রূপান্তর পরিকল্পনা”র অংশ। তবে কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্স (CUPW) বলছে, এই প্রস্তাব কর্মীদের ওপর সরাসরি আঘাত এবং তাদের চাকরির নিরাপত্তাকে গভীরভাবে হুমকির মুখে ফেলবে।

ফেডারেল সরকার সম্প্রতি কানাডা পোস্টে ব্যাপক সংস্কারের প্রস্তাব দেয় দেশজুড়ে ডেইলি মেইল ডেলিভারি বন্ধ, বিভিন্ন গ্রামীণ পোস্ট অফিস বন্ধ, বাড়ি-ভিত্তিক মেইল সার্ভিস কমিয়ে কমিউনিটি মেইলবক্স ব্যবস্থায় ফিরিয়ে আনা। এই ঘোষণার পরই কানাডা পোস্ট নিজেদের নতুন প্রস্তাব শ্রমিকদের সামনে তোলে।

- Advertisement -

কানাডা পোস্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটি যখন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন স্বল্পমেয়াদে কর্মীদের চাকরি নিরাপত্তা স্থগিত রাখতে হবে। অর্থাৎ, পরিবর্তনের সময়কালে কর্মীদের ছাঁটাই থেকে সুরক্ষা থাকবে না। শুধু তাই নয় শহর ও উপশহরের ৪৯৩টি পোস্ট অফিস বন্ধের ওপর থাকা স্থগিতাদেশ তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও চূড়ান্ত লক্ষ্য হলো স্বাভাবিক অবসর, স্বেচ্ছায় অবসর বা অন্যান্য প্রণোদনার মাধ্যমে কর্মী সংখ্যা কমানো, তবুও লক্ষ্য অর্জিত না হলে ছাঁটাইয়ের পথেই যেতে হবে, জানিয়েছে কানাডা পোস্ট।

তবে কর্মীদের ধরে রাখতে এবং টানাপড়েন কমাতে কানাডা পোস্ট ৭৮ মাস পর্যন্ত মূল বেতন দিয়ে স্বেচ্ছায় অবসর প্রণোদনা প্যাকেজ দেওয়ার কথাও বলেছে।

গত মে মাসে দেওয়া চূড়ান্ত প্রস্তাবে যে সাইনিং বোনাস ছিল, তা এবার বাদ পড়েছে। বরং যুক্ত হয়েছে ছাঁটাই সংক্রান্ত নতুন প্রভিশন, যা CUPW-এর কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে হচ্ছে।

নতুন প্যাকেজে পূর্বের কিছু আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে – চার বছরে ১৩.৫৯% যৌগিক বেতন বৃদ্ধি, সাত সপ্তাহ পর্যন্ত ছুটি, এবং মূল্যস্ফীতি বেড়ে গেলে কস্ট অব লিভিং এলাউন্স।

৫৫ হাজার সদস্যের ইউনিয়ন CUPW বলেছে, সরকার ও কানাডা পোস্টের এই যৌথ সংস্কার পরিকল্পনা কর্মীদের অধিকার ও ভবিষ্যতের ওপর ভয়ংকর প্রভাব ফেলবে। তারা বলেছে, “এই সিদ্ধান্ত কর্মীদের ওপর সরাসরি আঘাত। রূপান্তরের নামে তাদের চাকরির স্থায়িত্ব, আয়ের নিশ্চয়তা সবকিছুই ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে।” একারণে তারা তাৎক্ষণিক ধর্মঘটের ডাক দিয়েছে।

বিশ্লেষকদের মতে, কানাডা পোস্টের আর্থিক সংকট দীর্ঘদিনের। ডিজিটাল যোগাযোগের যুগে চিঠি ও প্যাকেজ সার্ভিসে পরিবর্তন আসায় প্রতিষ্ঠানটি প্রতি বছর লোকসানে পড়ছে। এমন অবস্থায় – ডেলিভারি সার্ভিস কমানো, পোস্ট অফিস বন্ধ, এবং কর্মী সংখ্যা হ্রাস।

কিন্তু ইউনিয়নের আশঙ্কা এই সংস্কার কর্মী ছাঁটাই ও গ্রামীণ কানাডায় সেবা কমিয়ে সরকারের জনসেবামুখী প্রতিশ্রুতির পরিপন্থী হয়ে উঠতে পারে।

কানাডা পোস্টের নতুন প্রস্তাবে কিছু ইতিবাচক সুবিধা থাকলেও চাকরির নিরাপত্তা, অফিস বন্ধ হওয়া এবং ছাঁটাইয়ের সম্ভাবনা কর্মীদের জন্য বড় উদ্বেগ। সরকার ও পোস্টাল সার্ভিসের সংস্কার পরিকল্পনা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নির্ভর করছে শ্রমিকদের সঙ্গে আলোচনার অগ্রগতি ও চলমান ধর্মঘটের পরিণতির ওপর।

- Advertisement -

Read More

Recent