বার মালিকের বিরুদ্ধে চোরাই লিকার কেনার অভিযোগ

অন্টারিওর দক্ষিণ ইটোবিকোকে অবস্থিত একটি বারের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে একাধিকবার চোরাই লিকার কেনা ও তা বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে

অন্টারিওর দক্ষিণ ইটোবিকোকে অবস্থিত একটি বারের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে একাধিকবার চোরাই লিকার কেনা ও তা বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এই চোরাই লিকার পরবর্তীতে বারের গ্রাহকদের কাছে বিক্রি করা হয় এবং ব্যক্তিগত ব্যবহারের কাজেও লাগানো হয়।

অন্টারিওর অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন মঙ্গলবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, ব্রাউন্স লাইনের পূর্ব দিকে লেক শোর বুলভার্ড ওয়েস্টে অবস্থিত সাউথসাইড জনি’স বার অ্যান্ড গ্রিল–এর লিকার লাইসেন্স বাতিলের প্রস্তাব দিয়ে একটি নোটিশ ইস্যু করা হয়েছে।

- Advertisement -

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, তাদের তদন্তে উঠে এসেছে যে, সংশ্লিষ্ট বারের সনদধারী মালিক ও ব্যবস্থাপক জেনেশুনে এবং বারবার চোরাই লিকার কেনার সঙ্গে জড়িত ছিলেন। এই লিকারগুলো পাশের এলসিবিও স্টোর থেকে চুরি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো বারে মজুদ করা হয় এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। পুরো তদন্ত প্রক্রিয়ায় স্থানীয় পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে বলে এজিসিও নিশ্চিত করেছে।

এজিসিও আরও জানিয়েছে, তদন্তে এমন তথ্যও পাওয়া গেছে যে, কিছু বড় বোতলের লিকার ছোট ছোট বোতলে ঢেলে রাখা হতো, যাতে করে তা বারের স্বাভাবিক বিতরণ ও পরিবেশন ব্যবস্থার সঙ্গে মানানসই করা যায়। বিষয়টি ইচ্ছাকৃতভাবে নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেয় বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ বিষয়ে এজিসিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও রেজিস্ট্রার ড. কারিন শ্নার এক বিবৃতিতে বলেন, “চোরাই লিকার কেনা সততা ও নৈতিকতার গুরুতর লঙ্ঘন। এটি কেবল আইন ভঙ্গের বিষয় নয়, বরং জননিরাপত্তার সঙ্গে সরাসরি আপোষ করা। পাশাপাশি এটি অন্টারিওর নিয়ন্ত্রিত অ্যালকোহল বাজারে অবৈধ পণ্য প্রবেশ করানোর মতো গুরুতর অপরাধ।” তিনি আরও বলেন, নীতিমালার শর্ত পূরণে সনদধারীদের জবাবদিহিতার আওতায় আনতে এজিসিও প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্টারিওবাসী এ বিষয়ে সংস্থাটির ওপর আস্থা রাখতে পারেন।

এজিসিও জানিয়েছে, লাইসেন্স বাতিলের প্রস্তাব সংবলিত নোটিশের বিরুদ্ধে বারের মালিক চাইলে লাইসেন্স আপিল ট্রাইবুনালে ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিলের ফলাফলের ওপর নির্ভর করেই বারের ভবিষ্যৎ লাইসেন্স সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার মাধ্যমে অন্টারিওতে অ্যালকোহল বিক্রি ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও আইনের কঠোর প্রয়োগের বিষয়টি আবারও সামনে এলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

- Advertisement -

Read More

Recent