
টরন্টোতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চুরি ও বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। খুঁজে পাওয়া ও জব্দ করা সামগ্রী যথাযথভাবে তালিকাভুক্ত করে মালিকের কাছে ফেরত দেওয়ার আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সেগুলো আত্মসাৎ করার অভিযোগে তিনি বর্তমানে তদন্তের মুখে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা ৫০ বছর বয়সী কনস্টেবল টিমোথি ডিকন। চলতি বছরের ৪ সেপ্টেম্বর তিনি টরন্টো পুলিশ সার্ভিসের ৫২ ডিভিশনের ফ্রন্ট ডেস্কে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় তার কাছে থাকা জব্দকৃত বা খুঁজে পাওয়া সামগ্রীর কোনো আনুষ্ঠানিক ইনভেন্টরি বা তালিকা তৈরি করা হয়নি এবং সেগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থাও তিনি নেননি। এর পরিবর্তে ওই সামগ্রী আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে।
তবে তদন্তকারীরা এখনো স্পষ্ট করে জানাতে পারেননি ঠিক কী পরিমাণ বা কী ধরনের সামগ্রী তিনি আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে টরন্টো পুলিশ।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কনস্টেবল টিমোথি ডিকনের বিরুদ্ধে চুরি, ডিউটিতে থাকা অপর এক পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়া এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ জোর দিয়ে বলেছে, এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবেই বিবেচিত হবেন।
ডিকন টরন্টো পুলিশ সার্ভিসে প্রায় ১৬ বছর ধরে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ৫২ ডিভিশনে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ ওঠার পর কমিউনিটি সেফটি অ্যান্ড পুলিশিং অ্যাক্ট অনুযায়ী তাকে বেতনসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনার ফলে টরন্টো পুলিশ সার্ভিসের অভ্যন্তরীণ জবাবদিহি ও নৈতিকতার প্রশ্ন আবারও সামনে এসেছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
