
টরন্টোতে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের জেরে আগামী কয়েক দিনে ভ্রমণে বড় ধরনের বিপত্তির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি, তাপমাত্রার হঠাৎ পতন ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে বিশেষ আবহাওয়া বিবৃতি জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার টরন্টোর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে এই উষ্ণতা বেশিক্ষণ স্থায়ী হবে না। শুক্রবার নতুন করে আরেক দফা শৈত্যপ্রবাহ ঢুকে পড়ায় তাপমাত্রা ব্যাপকভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার পর বৃষ্টি শুরু হতে পারে, যা শুক্রবার সকাল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা দ্রুত খারাপ হয়ে যেতে পারে। অনেক জায়গায় বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে উঠতে পারে, যা যান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
শুক্রবার দিনভর তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে। দিনের বেলায় তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যার দিকে তা আরও কমে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। একই সঙ্গে প্রায় দুই সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া শুক্রবার বিকেলের দিকে বাতাসের গতিবেগ বাড়তে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এরপর আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। শনিবার তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা থাকলেও রোববার আবারও ঠান্ডা বাড়বে। ওই দিন তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।
বর্তমানে টরন্টো গরম ও শীতের মাঝামাঝি এক অস্থির আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এই দোলাচলপূর্ণ পরিস্থিতি ভ্রমণকে ক্রমেই ঝামেলাপূর্ণ করে তুলছে। সিটিনিউজের প্রধান আবহাওয়াবিদ নাতাশা রামসাহাই বলেন, “আমরা এখন একটি বরফ জমার চক্রের মধ্যে রয়েছি। তাপমাত্রার এই ওঠানামার ফলে রাস্তার অবস্থা দ্রুত বদলে যেতে পারে।”
আবহাওয়া দফতর যাত্রী ও চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
