সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে ফোর্ডকে চিঠি

প্রিমিয়ার ডগ ফোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একাধিক পোস্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে

কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একাধিক পোস্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত সপ্তাহের আল-কুদস দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ নিয়ে তার মন্তব্যকে ঘিরে এবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকরা।

বুধবার আল-কুদস কমিটির পক্ষে আইনজীবী স্টিফেন এলিস একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে প্রিমিয়ার ফোর্ডকে তার করা সব পোস্ট অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি তোলা হয়েছে।

- Advertisement -

ঘটনার সূত্রপাত হয় গত শনিবারের বিক্ষোভের আগের দিন, যখন প্রিমিয়ার ফোর্ড তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সমাবেশের তীব্র সমালোচনা করেন। তিনি পোস্টে আল-কুদস সমাবেশকে “বিদ্বেষপূর্ণ বিক্ষোভ” হিসেবে আখ্যায়িত করেন এবং এটিকে ইহুদিবিদ্বেষ ও ঘৃণার উর্বর ক্ষেত্র বলে উল্লেখ করেন।

শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন যে, এই সমাবেশ সহিংসতাকে উৎসাহিত করছে এবং সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে। পরবর্তীতে, যখন সরকার সমাবেশ বন্ধ করার জন্য আদালতে আবেদন করে এবং তা খারিজ হয়ে যায়, তখনও তিনি হতাশা প্রকাশ করে একই ধরনের বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

আইনজীবী স্টিফেন এলিস তার চিঠিতে অন্টারিও সুপিরিয়র কোর্টের এক বিচারকের পর্যবেক্ষণের উল্লেখ করেছেন। বিচারক সরকারের আবেদন প্রত্যাখ্যান করে বলেন, গত বছরের টরন্টোতে অনুষ্ঠিত আল-কুদস সমাবেশ থেকে কোনো ধরনের ফৌজদারি অভিযোগের রেকর্ড পাওয়া যায়নি। এছাড়া, গত ৩০ বছরের ইতিহাসেও এ ধরনের সমাবেশ থেকে কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি বলে আদালত উল্লেখ করে। বিচারক আরও বলেন, গত বছরের সমাবেশে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ারও কোনো প্রমাণ নেই।

এলিস তার চিঠিতে দাবি করেছেন, প্রিমিয়ার ফোর্ডের মন্তব্যগুলো “হঠকারী, ভিত্তিহীন এবং ক্ষতিকর”, যা ইতোমধ্যেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে ফোর্ড তার পোস্টগুলো সরিয়ে না নেন এবং প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে বিষয়টি আরও আইনি পদক্ষেপের দিকে গড়াতে পারে।

এই ঘটনা কানাডার রাজনৈতিক ও সামাজিক পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সংবেদনশীলতা এবং জননিরাপত্তা এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে নিয়ে এসেছে। একদিকে সরকার জননিরাপত্তার প্রশ্ন তুলছে, অন্যদিকে আয়োজকরা তাদের সাংবিধানিক অধিকার ও সম্মান রক্ষার কথা বলছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিতর্ক ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক হতে বাধ্য করতে পারে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণও এই ইস্যুতে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে। প্রিমিয়ার ডগ ফোর্ডের এই পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন আইনি ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ

- Advertisement -

Read More

Recent