
নারীদের ওপর সহিংসতার ব্যাপারে অটোয়ার উদ্দেশে এক বছর আগে যে বার্তা বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এবারই তাই দেওয়া হলো। আদিবাসী নারীদের ওপর সহিংসতা বন্ধে জাতীয় পরিকল্পনা প্রকাশের পর গ্রুপগুলো বলছে, ফেডারেল সরকার এ ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড সারভাইভরস সার্কেলের চেয়ারম্যান হিলদা অ্যান্ডারসন-পির্জ শুক্রবার বলেন, আগের বছরগুলোতে এ ব্যাপারে জবাবদিহিতার অভাব অগ্রহণযোগ্য। এটা খুবই হতাশার ও বিরক্তিকর। এটা জাতীয় লজ্জা। সেই সঙ্গে বিপজ্জনকও। এক্ষেত্রে নিষ্ক্রিয়তার কারণে জীবনহানী ও সহিংস ঘটনা ঘটছে।
পরিকল্পনার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে কুইবেকের গ্যাটিনোতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অ্যান্ডারসন-পির্জ। আদিবাসী বিষয়ক মন্ত্রী মার্ক মিলার, আদিবাসী সেবা বিষয়কি মন্ত্রী প্যাটি হাইডু এবং বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি এ সময় উপস্থিত ছিলেন। এ বছর মারা যাওয়া পাঁচজন আদিবাসী নারীর প্রসঙ্গ উল্লেখ করেন পির্জ।
এদের মধ্যে একজন হলেন উত্তর আলবার্টার তাইতিয়ানা ইয়ানভিয়ের। গত মার্চে মারা যান তিনি। পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত মাদকের কারণেই মৃত্যু হয়েছে তার। চেলসি পুরমানের মৃতদেহটি পাওয়া যায় গত এপ্রিলে ভ্যানকুভারে তার বাড়িতে। ২০২০ সাল থেকে সাস্কেচুয়ান ফার্স্ট নেশন থেকে নিখোঁজ ছিলেন তিনি।
রেবেকা কনটোয়িস, ডরিস ট্রাউট ও অ্যান্ডারসন-পির্জের আপন ভাতিজী তেসা পেরি মারা যান গত মাসে উইনিপেগে। নিহতরা হত্যার শিকার বলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
চুড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশেল পর থেকে ৮৯ জন আদিবাসী নারী ও বালিকা খুন হয়েছেন। কানাডিয়ান ফেমিসাইড অবজার্ভেটরি ফর জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি বলছে, সন্দেহজনক মৃত্যু বিবেচনায় না নেওয়ায় সংখ্যাটি অনেক কম দেখাচ্ছে।
অটোয়া তাদের নিজেদের অগ্রগতি প্রতিবেদন গত শুক্রবার প্রকাশ করে। তদন্তে গুরুত্ব আরোপ করা কিছু এলাকায় ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত সম্পন্ন কাজের তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মিলার বলেন, কাজ অতোটা দ্রুত গতিতে এগোচ্ছে না। তবে এগোচ্ছে।
