
শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে আর সুনাগরিক/দেশকে ঠিক পথে পরিচালনার জন্য নেতা তৈরী হবে না এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কোনো প্রতিবাদও করতে পারবে না —এই বিষয়টিকে মাথায় রেখেই দেশের প্রতিটি সরকারের শাসনামলে, প্রতিটি রাজনীতিবিদ কাজ করে গেছে সুচতুরভাবে। শিক্ষা ব্যবস্থাকে যে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে ধীরে ধীরে সুকৌশলে তার জ্বলন্ত প্রতিচ্ছবি আজকের সহিংস, কূপমণ্ডূক, বোধ জ্ঞানহীন, লোভী, আত্মকেন্দ্রিক, স্বার্থবাজ এবং অমানবিক বাংলাদেশ।
গত একমাস গভীরভাবে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের (দেশে -বিদেশে বসবাসকারী ) মানুষের কথোপকথন পর্যবেক্ষণ করে, তাদের মানসিকতাকে, প্রয়োজন এবং চাওয়া -পাওয়াকে বোঝার চেষ্টা করলাম আপ্রাণ। সব দেখে শুনে এটাই বুঝলাম বাংলাদেশের মানুষের আজ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদনের চেয়েও সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা I আমাদের কলুষিত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিনীত অনুরোধ জানাচ্ছি। সুশিক্ষিত জাতি তৈরী হলে আপনাতেই ভালো শাসন এবং শাসক বের হয়ে আসবে এবং তারপর গণতন্ত্র আর স্বাধীনতার অর্থ শেখা যাবে, নানা প্রাকৃতিক দুর্যোগও মোকাবেলা করা যাবে ( ব্যক্তিগত ভাবে টাকা বা চাঁদা তুলে ফাড়াক্কা বাঁধও বানাতে হবে না !!!! )
আজকের পর থেকে আমি আর বাংলাদেশের কোনো সংবাদ পড়ব না বলে সিদ্ধান্ত নিয়েছি I নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিতে আমি আজ লজ্জিত। আমাদের সকলের বিশেষভাবে মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন এবং যার যার কর্ম জীবনে ফিরে যাওয়াটা জরুরী।
বাংলাদেশ সুন্দর হয়ে উঠুক বয়োঃবৃদ্ধির সাথে সাথে আর সাধারণ জনতা, সুনাগরিক হয়ে উঠুক এবং এই জাতি একজন সৎ, সুচিন্তিত নেতা খুঁজে পাক– যিনি সকলকে আলোর পথ দেখাবে সেই প্রত্যাশা করে যাবো অহর্নিশ। আপাতত বিদায় প্রিয় জন্মভূমি এবং আমার দেশের সকল মানুষজন।
ক্যালগেরি, কানাডা
