আবার ইতিহাস সৃষ্টি করলো

আবার ইতিহাস সৃষ্টি করলো

ছাত্রলীগ আবার ইতিহাস সৃষ্টি করলো। শান্তিকাকুর অবৈধ/ব্যর্থ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। আমি তো হাসতে হাসতে মরি। কেন হাসছি, সেটাই তাহলে লিখি।

১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জন্ম, সেই হিসেবে বয়োবৃদ্ধ হলে কি হবে, জিন্নাহ থেকে আইয়ুব, তারপর ইয়াহিয়া সকলে ভয় পেত ছাত্রসংগঠনটিকে। মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া খান একে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর হাতে জন্ম, বেড়ে ওঠা এবং সবচে বড় কথা, ১৯৬২ সালেই তারা বাংলাদেশ স্বাধীনতার মন্ত্রটি সবার আগে রপ্ত করেছিল। ছাত্রলীগের অভ্যন্তরে নিউক্লিয়াসের সদস্যগণ মনেপ্রাণে বিশ্বাস করতো, সশস্ত্র গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে তারা বাঙালির মুক্তি অর্জনে সক্ষম হবে। বাংলাদেশের পতাকা, জয়বাংলা স্লোগান, জাতীয় সংগীত কেবল না, একাত্তরের ৩রা মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক বানিয়ে তাঁর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল ছাত্রলীগ নেতা শাহজাহান সিরাজ। মুক্তিযুদ্ধে একক সংগঠন হিসেবে সবচে বেশি শহীদ হয়েছে ছাত্রলীগের কর্মীরা।

- Advertisement -

স্বাধীনতার পরে ১৯৭২ সালের জুলাই মাসে ছাত্রলীগে প্রথম ভাঙ্গন ধরে এবং সিরাজুল আলম খানের অনুসারীরা জাসদের জন্ম দেয়। তারপর জাসদ থেকে বাসদ, জাসদের খন্ডিত হওয়া চলমান থেকেছে, আর ছাত্রলীগও ভেঙেছে। মূল ছাত্রলীগে বড় ভাঙ্গন ধরে ১৯৮৩ সালে এবং আব্দুর রাজ্জাকের অনুসারীরা বাকশালের জন্ম দিয়ে নিজেদের নাম রাখে জাতীয় ছাত্রলীগ। দীর্ঘসময় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ বড় বড় দলগুলোতে নেতৃত্ব জোগানের কাজ করেছে ছাত্রলীগ। ১৯৯০ সালের গণ-আন্দোলনের পরে গণতন্ত্রের যাত্রায় রাজনীতি ধীরে ধীরে ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত আমলাদের দখলে যেতে থাকলে ছাত্রলীগ নেতারা সবচে বেশি অবহেলার মুখে পড়ে। মাইনুদ্দিন হাসান চৌধুরী কিংবা আমার বন্ধু বাহাদুর বেপারীর মতো সৎ, নির্ভেজাল এবং ক্যারিসমাটিক ছাত্রলীগ নেতারা আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ লাভ করতেও সক্ষম হয় না। তা সত্ত্বেও, মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নে ছাত্রলীগ বরাবরই আপসহীন।

যারা বাংলাদেশ নামক গল্পে বিশ্বাস করে, তারা ছাত্রলীগের মধ্যে সেই আদি জেদ খুঁজে পায়, যে জেদের উপর ভর করে বাঙালি তার জাতিসত্ত্বার প্রকাশ ঘটিয়েছিল। জুলাইয়ের প্রতারণায় কোটাবাজরা সবচে বেশি ব্যবহার করেছিল মুক্তিযুদ্ধে ছাত্রলীগ ব্যবহৃত স্লোগান এবং প্রতীকসমূহ। সমন্বয়ক নামক হিজুবত তাহেরির পান্ডারা জানে, বাঙালি যদি রাস্তায় নামে তো ছাত্রলীগের নেতৃত্বেই নামবে। সেজন্য এত ভয়।

তো দেখা যাক।

ক্যালগেরি, আলবার্টা

- Advertisement -

Read More

Recent