
কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরকে ৯ অক্টোবর হাউস অভ কমন্সে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সঙ্গে তার প্রকাশ্য বিরোধ দ্বিতীয় দিনে গড়িয়েছে।
হাউস স্পিকার গ্রেগ ফারগাস পয়লিয়েভরকে ওই দিন সকালে এই শাস্তি দেন। জোলিকে অভিযুক্ত করে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য কনজার্ভেটিভ নেতার প্রতি আহ্বান জানানোর পরদিন এই শাস্তি দিলেন স্পিকার। সন্ত্রাসী সংগঠন হামাসের সমর্থকদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী নমনীয় বলে অভিযোগ করেন পয়লিয়েভর।
কনজার্ভেটিভ নেতা প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেন। ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তি উপলক্ষ্যে তিনি রাস্তায় বিদ্বেষী লোকজনের গণহত্যামূলক আওয়াজের নিন্দা জানানোর জন্য লিবারেলদের প্রতি দাবি জানান। পয়লিয়েভর বলেন, ইহুদিবিদ্বেষী লোকজন রাস্তায় বেরিয়ে ‘ফিলিস্তিন থেকে লেবানন, ইসরায়েল শিগগিরই বিনাশ হবে’ এবং ‘সমাধান একটাই: ইন্তিফাদা, বিপ্লব’ শ্লোগান দিচ্ছে। এতে করে আমাদের ইহুদি বন্ধু ও প্রতিবেশীরা ভুক্তভোগী হচ্ছেন।
জোলি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিয়হত সাত কানাডিয়ানের নামোল্লেখ করে বলেন, সরকার ইহুদি নাগরিকদের পাশে রয়েছে।
পয়লিয়েভর বলেন, তিনি আসলে তার বক্তব্যে ইহুদিবিদ্বেষের নিন্দা জানাননি এবং সেটা করতে অস্বীকৃতি জানানোয় জোলিকে তিনি অভিযুক্ত করেন। এক্ষেত্রে তিনি তার লিবারেল নেতৃত্বের আকাক্সক্ষার কথা উল্লেখ করেন।
পয়লিয়েভর বলেন, তিনি হামাস সমর্থকদের প্রতি অব্যাহতভাবে নমনীয় হচ্ছেন। এবং লিবারেল পার্টিও একই কাজ করছে।
তবে পয়লিয়েভর রাজনীতি নিয়ে খেলছেন বলে অভিযোগ করেছেন জোলি। তিনি বলেন, এমন দিনে তিনি এটা করছেন যেদিন ৭ অক্টোবরের নিহতদের প্রতি সম্মান জানানোর কথা। নিশ্চিতভাবেই এই ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। কারণ, কানাডিয়ানরা আরও উন্নত কিছু আশা করে। এজন্য তিনি পয়লিয়েভরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, হামাস ও কানাডায় ইহুদিবিদ্বেষের নিন্দা জানিয়ে হাউসে আনা প্রস্তাবে লিবারেলসহ সব এমপি সমর্থন জানান।
