
প্রয়োজন হলে কয়েক বছরের মধ্যেই কানাডা ন্যাটোর বেঁধে দেওয়া প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। তবে এ ব্যাপারে কোনো অঙ্গীকার করেননি তিনি।
ন্যাটোর সব সদস্যদেশ প্রতিরক্ষা খাতে ব্যয় তাদের জিডিপির ২ শতাংশ ব্যয় করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। কিন্তু কানাডা অব্যাহতভাবে এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইন প্রণেতাদের তোপের মুখে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত গ্রীষ্মে বলেন, কানাডার প্রতিরক্ষা ব্যয় ২০৩২ সালে ২ শতাংশের ঘরে চলে আসবে।
তবে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর কোনো পরিস্কার পরিকল্পনা নেই। ২০৩২ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব কিনা তা নিয়ে কিছু সামরিক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। দুই বছরের মধ্যে কানাডা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে কিনা এক সাংবাদিক প্রশ্ন করলে বিল ব্লেয়ার উত্তর দেন, অবশ্যই অর্জযোগ্য। তবে এটা যে হবেই তা বলেননি তিনি।
এর আগে তিনি বলেছিলেন, তিনি সময়সীমা এগিয়ে আনতে চান। তবে সেটা কতটা দ্রুত গতির হবে সে ব্যাপারে কোনো ধারণা দেননি।
তিনি বলেন, কানাডা ২ শতাংশের লক্ষ্যমাত্রায় যেতে পারবে। কিন্তু তার উদ্বেগ হচ্ছে, দায়িত্বশীল উপায়ে এই ব্যয় ব্যবস্থাপনা নিয়ে। কানাডিয়ান সশস্ত্র বাহিনীতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা কীভাবে আরও বেশি গতিশীল করা যায় তা খতিয়ে দেখছে কানাডা। একই সঙ্গে তারা চায়, কাজটি যত দ্রুত সম্ভব শেষ করতে। তবে শুক্রবার নতুন কোনো মন্তব্য তিনি করেননি।
