
ঘুষের ট্যাকায় গরু কেনো
চুরির ট্যাকায় ছাগল!
তুমি একটা পাগল।
লুটের ট্যাকায় হজ্বের টিকেট?
লোনের ট্যাকায় দান?
তুমি নাফরমান।
লুটের ট্যাকায় ফেত্রা-জাকাত ?
দাতা হাতেম তাঈ?
তোমার মতোন ভণ্ড-মুমিন ত্রিভুবনে নাই।
পরের ট্যাকা পরের জমি হজম করার পর
সেই ট্যাকাতে দেখতে যাবা মক্কা? খোদার ঘর?
ছাগল-গরু হত্যা করো কিসের অভিলাষে?
নাম কামানোর ইচ্ছে এবং বেহেশত যাবার আশে?
অসৎ উপার্জনে ও ভাই হয় না তো কুরবানী
পাইতে যদি চাও তুমি ভাই খোদার মেহেরবানী—
মনের পশু কুরবানী দ্যাও সেইটা অনেক বড়
ওহে মানুষ খোদার দোহাই একটু রহম করো!
(তোমার মনে বসত করে হিংস্র একটা পশু
তুমি আমি জানি, জানে শ্রী জগদীশ বসু…
মনের পশুর প্রতিকৃতি ছাগল গরু নহে
মনে তোমার হায়েনা কিংবা নেকড়ে কথা কহে…)
নাম কামানো, মাংস খাওয়ার তালে থাকো সবাই…?
হারাম ট্যাকায় গরু-ছাগল কইরো না আর জবাই।
অটোয়া, কানাডা
