
এনডিপির অন্তবর্তীকালীন নেতা ডন ডেভিস শুক্রবার বলেছেন, হাউস অব কমন্সে আনুষ্ঠানিক বিরোধীদল হওয়ার জন্য প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তার দলের খুবই প্রাথমিক আলোচনা হয়েছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে এনডিপির আসন সংখ্যা কমে সাতটিতে নেমে এসেছে। অর্থাৎ, হাউস অব কমন্সে অফিসিয়াল পার্টির মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজনীয় ১২টি আসনেরও কম পেয়েছে তারা। ডেভিস বলেন, ফলাফল কী হতে পারে কেউই আন্দাজ করতে পারছেন না।
এদিকে এনডিপির সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
যেসব দল আনুষ্ঠানিক পার্টির মর্যাদা পায় না তারা সংসদের আর্থিক সুবিধাদি থেকে বঞ্চিত হয়। প্রশ্নোত্তর পর্বে খুবই কম প্রশ্ন করার সুযোগ পায় এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে পদ প্রাপ্তির নিশ্চয়তা থাকে না।
ডেভিস শুক্রবার বলেন, আমরা প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমাদের ককাসের জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা, যাতে করে সংসদে আমরা আমাদের কাজ করতে পারি। তার চেয়েও বড় কথা হচ্ছে, আমরা যেনো ১২ লাখ কানাডিয়ানের পক্ষে কথা বলতে পারি, যারা আমাদের ভোট দিয়েছেন। সুতরাং, আমাদের ককাসের জন্য আমরা যাতে এগুলো পাই সেটা করতে সক্রিয়ভাবে কাজ করছি আমরা।
ডেভিস বলেন, প্রয়োজনীয় আসন না পাওয়া সত্ত্বেও দলগুলো অতীতে প্রাদেশিক পর্যায়ে অফিসিয়াল পার্টির মর্যাদা পেয়েছে।
জ্যাক লেটনের সময় এনডিপির যোগাযোগ বিষয়ক পরিচালক ছিলেন ক্যাথলিন মঙ্ক। তিনি বলেন, দলকে প্রাসঙ্গিক থাকতে আর্থিক সুবিধাদি নিশ্চিত করা জরুরি। আগামী আট মাস, সম্ভবত ছয় মান ডন ডেভিসকে এটা নিশ্চিত করতে হবে যে, নিউ ডেমোক্র্যাটরা মানচিত্র থেকে মুছে যায়নি। এখনো তারা সংসদীয় প্রক্রিয়া ও গণমাধ্যমের বয়ানের অংশ।
নির্বাচনের পর পার্টি সংসদীয় তহবিল হারানোর পর অনেক ফেডারেল এনডিপি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাদের মধ্যে জ্যেষ্ঠ নেতৃত্ব, যোগাযোগ কর্মী এবং গবেষকরা রয়েছেন।
This article was written by Rezaul Haque as part of the LJI
