মুজিব বিষয়ে আপনি তুমি তুই…

মুজিব বিষয়ে আপনি তুমি তুই

শেখ মুজিবুর কোথায় থাকে? বত্তিরিশের বাড়িতে?

থাকলে, তুমি আগেই তাকে ধ্বংস করতে পারিতে।

- Advertisement -

শুনুন জনাব! থাকে না সে ইট পাথরের দালানে!

থাকে না সে ইউএসএইড মিট্টিকুলাস চালানে।

থাকে না সে সীমিত আর সীমাবদ্ধ গণ্ডিতে।

থাকে না সে পিন্ডি-লাহোর থাকে না ধানমণ্ডিতে।

তাহলে কি টুঙ্গিপাড়ায়? গোপালগঞ্জের মাটিতে?

অনন্ত নক্ষত্রপুঞ্জে? স্নিগ্ধ শীতলপাটিতে?

মুদ্রিত মুদ্রায় থাকে সে? কারেন্সি নোট টাকাতে?

অমূল্য সে হীরক পারে লুটতে কোনো ডাকাতে?…

না রে বোকা! সে থাকে না কেবল দৃশ্যমানতায়।

বক্ষ-করোটিতে যে জন অবিনশ্বর মানো তায়।

মুজিব থাকে ভাস্কর্যের সিমেন্টে? ব্রোঞ্জ-মেটালে?

কী আসে যায় ভাস্কর্যের ওপরে ঝাল মেটালে?

বৃথাই তোরা ঝাঁপিয়ে পড়িস ভাস্কর্যের প্রতীকে!

প্রতিহত করা কঠিন শেখ মুজিবের গতিকে।

ছাই হয় না অগ্নিতে সে ভাঙে না বুলডোজারে,

তোদের পক্ষে মুজিব নিধন নয়কো এতো সোজা রে….

হাজার চেষ্টা করেও তাকে পারবি না তুই ভুলিতে

মুজিব থাকে আঁকিয়েদের ক্যানভাসে রঙ তুলিতে।

অশিক্ষিত কুলাঙ্গাররা কেমন করে বুঝিবে!

গল্প উপন্যাসের পাতায় ঠাঁই পেয়েছে মুজিবে…

মুজিব থাকে সুরে সুরে কণ্ঠে, গানের কলিতে।

ধরিত্রিতে থাকবে কবি তাহার কথা বলিতে…

শেখ মুজিবকে খুঁজিস না তুই কেবল ব্যক্তি বিশেষে

সাগর-নদীর ঊর্মিমালায় দেখবি আছে মিশে সে…

মুজিব থাকে সব ন্যারেটিভ-ব্যাখ্যা-আলোচনাতে

সবুজ ঘাসে ধানের শীষে মাটির ধুলিকণাতে…

বাংলা নামের দেশকে নিয়ে নতুন করে ভাবাতে

মুজিব থাকে সূর্যোদয়ের সূর্যাস্তের আভাতে…

রিসেট বাটন যতোই টিপিস গলদটা তোর সেটআপে,

শেখ মুজিবের উপস্থিতি ঘটবে নানান গেটআপে।

উত্থান তার নিত্য ঘটে জয় বাংলার কসমে,

স্পর্শ করতে পারবি না তুই শেখ মুজিবের পশমে…

 

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent