
টরন্টো, পিল ও ইয়র্ক রিজিয়নের পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সিনাগগ, স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোর আশাপাশে তাদের উপস্থিতি বাড়ানো হবে। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মীকে গুলি করে হত্যার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাতে একটি ইহুদি জাদুঘরের অনুষ্ঠান শেষে বেরোনোর পর তাদের গুলি করে হত্যা করা হয়।
ইয়র্ক পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে, আগামী কয়েকদিন ব্যাথার্স্ট স্ট্রিট করিডরকে গুরুত্ব দিয়ে টহল জোরদার করা হবে। আমাদের অঞ্চলে এই মুহূর্তে কোনো হুমকি নেই এবং এই টহল আমাদের কমিউনিটির সব সদস্যকে সহায়তার জন্য।
সব উপাসনালয়ে টহলের ওপর জোর দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়র্ক রিজিয়নাল পুলিশ বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং কমিউনিটিকে এটা স্মরণ করিয়ে দিচ্ছে যে, কোনো ধরনের হেইট ক্রাইম আমরা সহ্য করব না।
টরন্টো পুলিশও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একই ধরনের বার্তা দিয়েছে। পিল রিজিয়নাল পুলিশ বলেছে, এই মুহুর্তে হুমকির কোনো বিষয় নেইএবং কমিউনিটি সদস্যরা উপাসনালয়গুলোতে আরও সক্রিয় উপস্থিতি দেখতে পাবেন।
ওয়াশিংটনে নিহত ইসরায়েলি নাগরিক ইয়ারন লিচিনস্কি ও আমেরিকান নাগরিক সারাহ মিলগ্রিমের সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তারের পর ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করতে থাকেন। বন্দুকধারীকে ৩১ বছর বয়সী এলিয়াস রদ্রিগেজ বলে শনাক্ত করেছে পুলিশ। তিনি শিকাগোর বাসিন্দা।
এ ঘটনা নিয়ে সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্স (সিআইজেএ) এক বিবৃতিতে বলেছে, কানাডার ইহুদি কমিউনিটি নিহতদের জন্য শোকার্ত। সিআইজেএর অন্তর্বর্তী প্রেসিডেন্ট নোয়াহ শ্যাক বলেন, উত্তর আমেরিকায় ইহুদিদের লক্ষ্য করে বিদ্বেষ ও উস্কানি যেভাবে বাড়ছে ওয়াশিংটনের হত্যাকা- তারই ফলাফল।
This article was written by Rezaul Haque as part of the LJI
