
যোগ্য কানাডিয়ানরা কানাডা ডিজঅ্যাবিলিটি বেনিফিটের (সিডিবি) জন্য ২০ জুন থেকে আবেদন করেত পারবেন। ফেডারেল সরকারের ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন প্ল্যানের অংশ হিসেবে নতুন এই বেনিফিটের উদ্দেশ্য হলো আর্থিক সহায়তা নিয়ে অক্ষমতা নিয়ে বসবাসকারী কানাডিয়ানদের পাশে দাঁড়ানো।
এখন প্রশ্ন হলো কারা এই বেনিফিটের জন্য যোগ্য? ১৮ থেকে ৬৪ বছর বয়সী যেসব প্রতিবন্ধী ব্যক্তি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করবেন তারাই এই সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন। এসব শর্তের মধ্যে রয়েছে ডিজঅ্যাবিলিটি ট্যাক্স ক্রেডিট (ডিটিসি), কানাডা রেভিনিউ এজেন্সিতে ২০২৪ সালের আয়কর বিবরণী দাখিল করা, অথবা স্বামী-স্ত্রী বা কমন-ল পার্টনারের ২০২৪ সালের আয়কর বিবরণী দাখিল করা। প্রযোজ্য ক্ষেত্রেই কেবল এই শর্ত পূরণ করতে হবে।
ফেডারেল সরকারও জুনে যোগ্য কানাডিয়ানদের আবেদন করার আহ্বান জানিয়ে জুনে চিঠি পাঠাবে। চিঠিতে থাকবে অনন্য একটি আবেদন কোড এবং কীভাবে আবেদন করতে হবে সে সংক্রান্ত নির্দেশিকা।
কর্মসূচিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যারা চিঠি পাবেন না কিন্তু মনে করছেন যে যোগ্য সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবেন। সেজন্য তাদের অবশ্যই একটি মেইলিং অ্যাড্রেস এবং ২০২৪ সালের মূল্যায়নের ভিত্তিতে তাদের মোট আয়ের হিসাব দাখিল করতে হবে।
কীভাবে আবেদনটি করা যাবে? ২০ জুন থেকে অনলাইন, ফোন অথবা সশরীরে সার্ভিস কানাডার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এজন্য প্রয়োজন হবে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার (এসআইএন) ও ডিরেক্ট ডিপোজিট ইনফরমেশন। কর্মসূচিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সার্ভিস কানাডা ডিরেক্ট ডিপোজিট ব্যবহার করে, কারণ এটা অধিক দক্ষ ও নির্ভরযোগ্য। কানাডাজুড়ে কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোও সিডিবি আবেদন প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করবে। ৩০ জুনের মধ্যে যাদের আবেদন গৃহীত ও অনুমোদিত হবে তারা জুলাইয়ে বেনিফিটের প্রথম কিস্তি হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। এর পরিমাণ হবে সর্বোচ্চ বার্ষিক ২ হাজার ৪০০ ডলার (মাসিক ২০০ ডলা)। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই বেনিফিট পাওয়া যাবে।
This article was written by Rezaul Haque as part of the LJI
