
অন্টারিও প্রদেশে কিছুটা নিয়ন্ত্রণে আসার পরও ইয়র্ক রিজিয়নে আবারও হামের সংক্রমণ (Measles Outbreak) বাড়ছে বলে আশঙ্কা করছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সম্প্রতি অঞ্চলটিতে আরও দুজনের হাম শনাক্ত হয়েছে, যাদের মধ্যে একজনের সংক্রমণ ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে, যা জনস্বাস্থ্যের জন্য বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে।
ইয়র্ক রিজিয়ন পাবলিক হেলথ বিভাগ বৃহস্পতিবার জনগণকে সতর্ক করে জানিয়েছে, ব্যাথার্স্ট স্ট্রিটের কিডস ক্লাব টরন্টো এবং কর্টেলুচ্চি ভন হাসপাতালের জরুরি বিভাগে সাম্প্রতিক সময়ে রোগটির সংক্রমণ ঘটতে পারে। অর্থাৎ, এই স্থানগুলোতে যারা নির্দিষ্ট সময়ে অবস্থান করেছেন, তাদের এখন উপসর্গগুলোর দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
এর আগে, ৪ সেপ্টেম্বর থেকে পাঁচজন হাম সংক্রমণে আক্রান্ত হন বলে নিশ্চিত করা হয়েছিল। সর্বশেষ এই দুই নতুন সংক্রমণ যুক্ত হওয়ায় পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ইয়র্ক রিজিয়ন পাবলিক হেলথের কর্মকর্তারা নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা নিজেদের হাম টিকার (MMR vaccine) হালনাগাদকরণ নিশ্চিত করেন। বিশেষ করে যেসব শিশু এখনও পূর্ণ টিকা গ্রহণ করেনি বা যাদের টিকাদান রেকর্ড নিশ্চিত নয়, তাদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও বলেছে, জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও র্যাশ (চামড়ায় ফুসকুড়ি) এসব উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া, সংক্রমিত হতে পারে এমন স্থানে না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
চলতি বছরের বসন্তে অন্টারিওজুড়ে হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে দক্ষিণ–পশ্চিম অন্টারিও অঞ্চলে প্রতি সপ্তাহে শত শত নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছিল।
তবে গ্রীষ্মকাল নাগাদ সংক্রমণ অনেকটাই কমে আসে এবং আগস্টের মধ্যে আক্রান্তের সংখ্যা এক অংকের ঘরে নেমে আসে যা বছরের শুরু থেকে প্রথমবারের মতো উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু শরৎ শুরু হতেই সংক্রমণ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা জনস্বাস্থ্য কর্মকর্তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির একটি বড় কারণ হলো ভ্যাকসিন গ্রহণে অনীহা। অনেক অভিভাবক তাদের সন্তানদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী MMR টিকার পূর্ণ ডোজ নিশ্চিত করেননি। ফলে, স্কুল ও ডে-কেয়ার সেন্টারগুলো এখন সম্ভাব্য সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে।
এছাড়া, হাসপাতালের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে সংক্রমণ দেখা দেওয়া স্বাস্থ্যব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
ইয়র্ক রিজিয়নের এই নতুন সংক্রমণ ঘটনাগুলো জনস্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ কিন্তু এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। যারা এখনও টিকা নেননি, এখনই সময়।”
সাধারণ জনগণকে উপসর্গ দেখা দিলে আত্মনিরোধে থাকার এবং দ্রুত স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
