বডি ক্যামেরা চালু করল সবিস

কানাডার অন্যতম খ্যাতনামা খুচরা বিপণি প্রতিষ্ঠান সবিস ইনকর্পোরেশন Sobeys Inc তাদের মালিকানাধীন কয়েকটি গ্রোসারি স্টোরে পরীক্ষামূলকভাবে বডি ক্যামেরা চালু করেছে

কানাডার অন্যতম খ্যাতনামা খুচরা বিপণি প্রতিষ্ঠান সবিস ইনকর্পোরেশন (Sobeys Inc.) তাদের মালিকানাধীন কয়েকটি গ্রোসারি স্টোরে পরীক্ষামূলকভাবে বডি ক্যামেরা চালু করেছে। কর্মীদের নিরাপত্তা ও দোকানভিত্তিক অপরাধ দমনের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হলেও, বিশেষজ্ঞদের মতে এটি নতুন এক বিতর্কের সূচনা করতে পারে।

সবিসের মুখপাত্র কেইটলিন গ্রে এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক সময়ে দোকানে কর্মীদের প্রতি হয়রানি, মৌখিক আক্রমণ ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেরবোর্ন এবং ইসাবেলা স্ট্রিটের একটি ফ্রেশকো (FreshCo) শাখায় ইতিমধ্যে ক্যাশিয়ারদের শরীরে বডি ক্যামেরা পরিধান করতে দেখা গেছে।

- Advertisement -

গ্রে বলেন, “আমাদের কর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারেন এটাই এই প্রকল্পের মূল লক্ষ্য। দোকানে সহিংসতা ও চুরি প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখছে বলে আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করছি।”

কোম্পানির দাবি, ক্যামেরাগুলো সবসময় সক্রিয় থাকে না। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে বা ঘটার আশঙ্কা দেখা দিলে কর্মীরাই ক্যামেরা চালু করতে পারেন। একইসঙ্গে তারা আশ্বস্ত করেছেন যে, এই ক্যামেরা কর্মীদের ওপর নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।

সবিসের মুখপাত্র আরও জানান, বডি ক্যামেরা চালুর পর থেকে কর্মী ও গ্রাহকদের প্রতি আগ্রাসন এবং সহিংস আচরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

যদিও প্রকল্পটি ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, সে সম্পর্কে কোম্পানি এখনো বিস্তারিত কিছু জানায়নি।

তবে সবাই যে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তা নয়। টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির সেন্টার ফর ফ্রি এক্সপ্রেশন-এর পরিচালক জেমস টার্ক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, “বডি ক্যামেরা কর্মীদের নিরাপত্তা বাড়ানোর বদলে উল্টো তাদের আরও বেশি ঝুঁকির মুখে ফেলতে পারে। সম্ভাব্য চোর বা অপরাধীরা ক্যামেরা দেখে কর্মীর কাছ থেকে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, যা আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে।”

টার্ক আরও বলেন, প্রযুক্তিগত সমাধান সব সময় মানবিক সমস্যার কার্যকর উত্তর নয়। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে মানবসম্পর্ক, প্রশিক্ষণ ও আইন প্রয়োগের দিক আরও জোরদার করা প্রয়োজন।

সবিস একমাত্র প্রতিষ্ঠান নয় যারা এই প্রযুক্তি ব্যবহার করছে। লবল কোম্পানিজ লিমিটেড (Loblaw Companies Limited) গত দুই বছর ধরে তাদের কয়েকটি স্টোরে পরীক্ষামূলকভাবে বডি ক্যামেরা ব্যবহার করছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ও দোকান চুরি প্রতিরোধে বড় খুচরা বিপণিগুলো ধীরে ধীরে এ ধরনের প্রযুক্তি গ্রহণ করছে।

বডি ক্যামেরার এই উদ্যোগ নিয়ে মতভেদ থাকলেও, একথা অস্বীকার করা যায় না যে খুচরা দোকানে কর্মী নিরাপত্তা এখন বড় এক উদ্বেগের বিষয়। প্রযুক্তি হয়তো আংশিক সমাধান দিতে পারে, তবে এর সামাজিক ও নৈতিক প্রভাব নিয়ে সতর্কভাবে ভাবা প্রয়োজন।

সবিসের এই প্রকল্প শেষ পর্যন্ত কতটা সফল হয় তা সময়ই বলে দেবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent