
অন্টারিও সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা এমন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে যার আওতায় প্রদেশের সব সরকারি খাতের প্রতিষ্ঠান ক্রয় প্রক্রিয়ায় প্রথমেই অন্টারিওতে উৎপাদিত পণ্য ও সেবাকে অগ্রাধিকার দিতে বাধ্য থাকবে। স্থানীয়ভাবে সরবরাহ সম্ভব না হলে পরবর্তী বিকল্প হিসেবে বিবেচনায় আসবে কানাডিয়ান পণ্য ও সেবা। প্রস্তাবিত এই আইনটির নাম ‘বাই অন্টারিও অ্যাক্ট’, যা প্রদেশজুড়ে সরকারি ক্রয়নীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
সরকার জানিয়েছে, আইনটি কার্যকর হলে অন্টারিওর সরকারি খাতের বিস্তৃত পরিসর এর আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে মিউনিসিপালিটি, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও বোর্ড এবং সরকারি প্রকল্পের কন্ট্রাক্টর ও সাবকন্ট্রাক্টর। অর্থাৎ, যেকোনো সরকারি অর্থে পরিচালিত ক্রয় বা প্রকল্পে স্থানীয় পণ্য–সেবার প্রতি বাধ্যতামূলক অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।
পাবলিক অ্যান্ড বিজনেস সার্ভিস ডেলিভারি মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, বৈশ্বিক প্রতিযোগিতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব মোকাবিলা করে স্থানীয় কর্মসংস্থান রক্ষা করার কৌশল হিসেবে এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী স্টিফেন ক্রফোর্ড বলেন “এই আইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ। সরকারি খাতের ক্রয়ক্ষমতা ব্যবহার করে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে অন্টারিওতে খরচ হওয়া প্রতিটি ডলার প্রদেশেই ধরে রাখা যায়। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।”
সরকার বলছে, ‘বাই অন্টারিও অ্যাক্ট’পাস হলে সরকারি খাত কীভাবে স্থানীয় পণ্য ও সেবাকে অগ্রাধিকার দেবে সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা ও বাধ্যবাধকতা তৈরি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কমপ্লায়েন্স যাচাই ও তদারকির ব্যবস্থা এবং শাস্তি ও জরিমানার বিধান। নিয়ম ভঙ্গ করলে ভেন্ডরকে ভবিষ্যৎ ক্রয়ে নিষিদ্ধ করার নিয়ম। সরকার আরও জানিয়েছে, তারা একটি অন্টারিও–ভিত্তিক সরবরাহকারী তালিকা তৈরি করার কাজ করছে। এতে প্রাদেশিক অবকাঠামো ও সরকারি প্রকল্পে কোন স্থানীয় সরবরাহকারীর কোন পণ্য–সেবা পাওয়া যায় তা সহজেই যাচাই করা যাবে।
নীতি অনুযায়ী যুক্তিসঙ্গত মূল্য, গুণগত মান, এবং সময়সীমা মেনে অন্টারিও বা কানাডিয়ান পণ্য–সেবা পাওয়া না গেলে তবেই বিদেশি সরবরাহকারীর কাছ থেকে ক্রয়ের অনুমতি থাকবে।
বিশ্লেষকদের মতে, এই আইন প্রণীত হলে স্থানীয় উৎপাদক ও ক্ষুদ্র ব্যবসা লাভবান হবে, সরকারি ব্যয়ের বড় অংশ প্রদেশেই ঘুরে আসবে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়বে। তবে অন্য দেশের নির্মাতা বা সরবরাহকারীদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে পড়তে পারে
বাণিজ্যিক অংশীদার যেমন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোম্পানি এ নীতিকে নতুন নন-ট্যারিফ বাধা হিসেবে দেখতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
অন্টারিওর অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ এখন প্রাদেশিক সংসদে আলোচনার অপেক্ষায়। আইনটি পাস হলে সরকারি ক্রয়নীতিতে নতুন যুগের সূচনা হতে পারে যেখানে “মেইড ইন অন্টারিও” থাকবে সবচেয়ে সামনে।
This article was written by Rezaul Haque as part of the LJI
