
অন্টারিও সরকারের আইনশৃঙ্খলা শক্তিশালী করার অঙ্গীকারের অংশ হিসেবে ফোর্ড সরকার কুইন’স পার্কে মঙ্গলবার ‘দি কিপিং ক্রিমিনালস বিহাইন্ড বারস অ্যাক্ট’ শীর্ষক নতুন জাস্টিস বিল উত্থাপন করেছে। বিপজ্জনক ও ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের বিরুদ্ধে কঠোর জরিমানা, জামিন পদ্ধতির সংস্কার এবং প্রাণী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় এই বিলে অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই আইন কার্যকর হলে অপরাধ পুনরাবৃত্তি কমবে, সড়ক নিরাপত্তা বাড়বে এবং ন্যায়বিচারের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
সলিসিটর জেনারেল মাইকেল কার্জনার জোর দিয়ে বলেন, “বিপজ্জনক অপরাধীদের রাস্তা থেকে দূরে রাখা ও তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা আমাদের সরকারের এক অবিচ্ছিন্ন অঙ্গীকার।”
বিলে ড্রাইভিং–সংক্রান্ত যে পরিবর্তনগুলো আনা হয়েছে:
১) ইম্পেয়ার্ড ড্রাইভিং করলে আজীবন লাইসেন্স বাতিল
ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের কারণে কারো মৃত্যু হলে চালকের আজীবনের জন্য ড্রাইভারস লাইসেন্স বাতিল করা হবে।
২) পুলিশ ইম্পেয়ার্ড ড্রাইভিং সন্দেহে ৯০ দিনের জন্য লাইসেন্স স্থগিত করতে পারবেন। তবে পুলিশকে দেখাতে হবে যে চালক বিপজ্জনক আচরণের প্রমাণযোগ্য কারণ রয়েছে।
৩) বেখেয়ালি বা খামখেয়ালি ড্রাইভিংয়ের শাস্তি বৃদ্ধি
খামখেয়ালি ড্রাইভিংয়ের জন্য ৭ দিনের রোডসাইড সাসপেনশন। এবং কারও শারীরিক ক্ষতি হলে সাসপেনশন ৩০ দিন।
৪) জরিমানা দ্বিগুণেরও বেশি
বর্তমান জরিমানা: ৪০০ – ২,০০০ ডলার এবং নতুন জরিমানা: ১,০০০ – ৫,000 ডলার
এতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সরকার সড়কে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ বরদাস্ত করতে রাজি নয়।
আইন অনুযায়ী, যদি কোনো ইম্পেয়ার্ড ড্রাইভার একজন বাবা-মা বা অভিভাবকের মৃত্যুর কারণ হন, তবে তাকে নির্ভরশীল শিশুদের ভরণপোষণের আর্থিক দায়িত্ব বহন করতে বাধ্য করা হবে। এটি প্রথমবারের মতো অন্টারিওতে আইনি বাধ্যবাধকতা হিসেবে যুক্ত হচ্ছে। অন্টারিও সেক্স অফেন্ডার অ্যান্ড সেক্স ট্রাফিকার রেজিস্ট্রি–র নির্দিষ্ট অংশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্তও বিলের অন্তর্ভুক্ত। এই পদক্ষেপের লক্ষ্য কমিউনিটির নিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধীদের গতিবিধি সম্পর্কে বেশি স্বচ্ছতা আনা।
অ্যাটর্নি জেনারেল ডগ ডাউনি সোমবার জানান, জামিন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী জামিনে মুক্তি পেতে হলে নগদ নিরাপত্তা জামানত বাধ্যতামূলক এবং পুনরাবৃত্ত অপরাধী বা যারা জামিন শর্ত ভঙ্গ করেন তাদের জন্য নজরদারি আরও কঠোর করা হবে। ডিজিটাল মনিটরিং সিস্টেম আধুনিকায়ন করে নজরদারি বাড়ানো হবে। সরকার বলছে এতে বিপজ্জনক ও শর্ত ভঙ্গকারী অপরাধীরা সহজে মুক্তি পাবে না।
বিলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রাণীদেহে পরীক্ষা-নিরীক্ষা থেকে কুকুর ও বিড়ালকে সুরক্ষা প্রদান করা হবে। এটি অন্টারিওর প্রাণী কল্যাণ আইনকে আরও মানবিক ও আধুনিক করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এই বিল গুরুত্বপূর্ণ তার কারণ ইম্পেয়ার্ড ও বেপরোয়া ড্রাইভিংয়ের কঠোর শাস্তি দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগদ জামানত অপরাধীদের জন্য একটি বড় নিয়ন্ত্রণমূলক বাধা তৈরি করবে। ইম্পেয়ার্ড ড্রাইভারের কারণে আক্রান্ত পরিবারের জন্য ভরণপোষণের ধারা একটি গুরুত্বপূর্ণ সামাজিক পদক্ষেপ। এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার উন্নয়ন ভবিষ্যতের অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।
ফোর্ড সরকারের এই নতুন জাস্টিস বিল অন্টারিওর আইনশৃঙ্খলা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষত সড়ক নিরাপত্তা ও পুনরাবৃত্ত অপরাধ নিয়ন্ত্রণে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। যদিও সমালোচকরা বলছেন জামিনের কঠোরতা দরিদ্রদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে তবু সরকার বলছে, নিরাপত্তা ও জনকল্যাণই তাদের অগ্রাধিকার।
This article was written by Rezaul Haque as part of the LJI
