আগ্নেয়াস্ত্রের শ্রেণিকরণ পর্যালোচার প্রতিশ্রুতি এগিয়ে নিচ্ছে ফেডারেল সরকার

জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনান্দসাঙ্গারি

কানাডার ফেডারেল সরকার প্রতিশ্রুত আগ্নেয়াস্ত্র শ্রেণিকরণ পর্যালোচনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিচ্ছে। এর অংশ হিসেবে সেমি-অটোমেটিক এসকেএস রাইফেল বিষয়ে বিশেষ করে আদিবাসী কমিউনিটিগুলোর সঙ্গে প্রত্যক্ষ আলোচনা শুরু করেছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনান্দসাঙ্গারি।

মন্ত্রী জানিয়েছেন, গত মার্চে ঘোষিত এই শ্রেণিকরণ পর্যালোচনার আওতায় আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন ও ম্যাগাজিন সব ক্ষেত্রেই আইনি কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। লক্ষ্য হলো আইনের ব্যাখ্যায় সারল্য আনা, শ্রেণিকরণে নিরবচ্ছিন্নতা তৈরি করা এবং আগ্নেয়াস্ত্র নীতিকে আরও স্বচ্ছ ও প্রয়োগযোগ্য করা। সরকারি সূত্র বলছে, এটি হবে বহু বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক নীতি-পর্যালোচনা।

- Advertisement -

সেমি-অটোমেটিক এসকেএস রাইফেল নিষিদ্ধ আগ্নেয়াস্ত্রের তালিকায় নেই এ সিদ্ধান্তকে কেন্দ্র করে অস্ত্র নিয়ন্ত্রণপন্থী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে তীব্র সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, কানাডায় সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডে এসকেএস ব্যবহারের নজির থাকা সত্ত্বেও এটি বাজারে সহজলভ্য, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, সরকারের ব্যাখ্যা এসকেএস সম্পর্কে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আদিবাসী শিকারী সম্প্রদায়ের ওপর এর প্রভাব বিবেচনায় নিতে বাধ্য। এ কারণেই মাঠপর্যায়ের পরামর্শ চলছে।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করতে ২০২০ সালের মে মাস থেকে অটোয়া সরকার ২,৫০০–এর বেশি আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ তালিকা তৈরির মূল মানদণ্ড হলো অস্ত্রটি মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় কি না, শিকার বা স্পোর্ট শুটিংয়ের মতো বেসামরিক কাজে এটি অপরিহার্য কি না এই প্রেক্ষাপটে অনেক আধুনিক অ্যাসল্ট-স্টাইল রাইফেল তালিকাভুক্ত হলেও এসকেএস এখনও অনুমোদিত।

নিষিদ্ধ ঘোষিত অস্ত্র ফেরত দেওয়ার জন্য ফেডারেল সরকার যে বাইব্যাক কর্মসূচি ঘোষণা করেছে, সেখানে বরাদ্দ রাখা হয়েছে ৭০ কোটি কানাডিয়ান ডলারের বেশি। সরকার বলছে এটি আইন মান্যকারী অস্ত্র মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেবে, নিষিদ্ধ অস্ত্র নিরাপদে বাজার থেকে সরাতে সাহায্য করবে তবে কনজারভেটিভ পার্টি ও অস্ত্র মালিক সংগঠনগুলো দাবি করছে, এই কর্মসূচি করদাতাদের অর্থের অপচয়, কারণ এর ফলে “আইন মান্যকারী নাগরিকরাই” টার্গেট হচ্ছেন।

কানাডার বহু আদিবাসী শিকারী বিশেষ করে উত্তরাঞ্চলে বসবাসকারীরা জীবিকা ও খাদ্য সংগ্রহের জন্য এসকেএস রাইফেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ হত্যা এবং কিছু উচ্চ-প্রোফাইল অপরাধেও এই অস্ত্রটি ব্যবহৃত হয়েছে। এই দুই বাস্তবতার কারণে এসকেএসকে সম্পূর্ণ নিষিদ্ধ করা নিয়ে সরকার ব্যাপক বিতর্কের মুখে রয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণে সক্রিয় পলিসেসোভিয়েন্ট সরকারকে আহ্বান জানিয়েছে এসকেএসের নতুন বিক্রি অবিলম্বে বন্ধ করতে, এর আধুনিক অ্যাসল্ট-স্টাইল ভ্যারিয়েন্টগুলো বিতরণ ব্যবস্থার বাইরে রাখতে, পুরোনো মডেলের ক্ষেত্রে বাইব্যাক কর্মসূচি চালু করতে, এই অস্ত্রের নিবন্ধন বাধ্যতামূলক করতে এবং হস্তান্তর নিষিদ্ধ ঘোষণা করতে। সংগঠনটি আরও বলেছে, যেসব আদিবাসী শিকারী সত্যিই জীবিকা নির্বাহের জন্য শিকার অর্থাৎ টিকে থাকার প্রয়োজনেই এই রাইফেল ব্যবহার করেন, তাদের জন্য বিশেষ অব্যাহতি দেওয়া যেতে পারে।

সরকার বলছে, নীতিটি এমনভাবে সাজানো হবে যাতে জননিরাপত্তা রক্ষা পায়, বৈধ শিকারীর অধিকার অক্ষুণ্ন থাকে এবং অস্ত্র বাজারে বিভ্রান্তিকর শ্রেণিকরণ যা বহু বছর ধরে জটিলতা তৈরি করেছে তা দূর করা যায়।

এসকেএস রাইফেলকে নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হবে কি না এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে চলমান পরামর্শ ও পর্যালোচনার ফলাফল প্রকাশের পর।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent