তদন্তাধীন কোম্পানিকে তহবিল দেওয়ার পক্ষে অবস্থান তুলে ধরলেন ফোর্ড

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড একটি বিতর্কিত তহবিল প্রদান প্রক্রিয়ার পক্ষে নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড একটি বিতর্কিত তহবিল প্রদান প্রক্রিয়ার পক্ষে নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এই প্রক্রিয়ায় সরকারের একটি মন্ত্রণালয় এমন একটি কোম্পানিকে অর্থ সহায়তা দিয়েছে, যে কোম্পানির বিরুদ্ধে সরকারেরই আরেকটি মন্ত্রণালয় অনিয়মের অভিযোগ শনাক্ত করেছে। বর্তমানে ওই কোম্পানিটি প্রাদেশিক পুলিশের তদন্তের আওতায় রয়েছে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে কয়েক বছর ধরে তহবিল পেয়ে আসছিল কিল ডিজিটাল সল্যুশনস নামের একটি প্রতিষ্ঠান। তবে গত মাসে সরকার ওই কোম্পানির ওপর পরিচালিত একটি নিরীক্ষা প্রতিবেদন খতিয়ে দেখার জন্য অন্টারিও প্রাদেশিক পুলিশকে (ওপিপি) অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে সোমবার পুলিশ নিশ্চিত করেছে।

- Advertisement -

গত কয়েক সপ্তাহ ধরে বিষয়টি প্রাদেশিক আইনসভায় তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন প্রায় ২৫০ কোটি ডলারের ‘দক্ষতা উন্নয়ন তহবিল’ থেকে কিল ডিজিটাল সল্যুশনসকে অর্থ প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনির কার্যালয় থেকে প্রতিষ্ঠানটিকে প্রায় ৭৫ লাখ ডলার অনুদান দেওয়া হয়েছিল।

এই ঘটনায় ডেভিড পিচ্চিনিকে বরখাস্তের দাবি উঠলেও প্রিমিয়ার ফোর্ড তার প্রতি সমর্থন বজায় রেখেছেন। পিচ্চিনি মন্ত্রিসভায় থাকবেন এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফোর্ড বলেন, “আমি যতটুকু জানি, এই তহবিল অনেক ভালো মানুষের কাছে গেছে। আমরা অর্থনীতিকে এগিয়ে নিচ্ছি এবং একই সঙ্গে আমাদের কমিউনিটি ও কর্মসংস্থান রক্ষা করছি।”

সরকারি বক্তব্য অনুযায়ী, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিল ডিজিটাল সল্যুশনসকে দেওয়া তহবিল সংক্রান্ত একটি নিয়মিত নিরীক্ষার সময় ২০২৩ সালে কিছু উদ্বেগজনক বিষয় ধরা পড়ে। এক বিবৃতিতে সরকার জানায়, ওই নিরীক্ষায় কিছু অনিয়ম চিহ্নিত হওয়ায় কোম্পানিটির ওপর একটি সমন্বিত ফরেনসিক নিরীক্ষা পরিচালনা করা হয়।

সরকার আরও জানায়, ফরেনসিক নিরীক্ষার ফলাফল পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিষয়টি ওপিপির কাছে হস্তান্তর করা হয় এবং একই সঙ্গে কিল ডিজিটাল সল্যুশনসের কাছে সব ধরনের অর্থ পরিশোধ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে বিরোধী দলগুলোর দাবি, একই কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পরও অন্য একটি মন্ত্রণালয় থেকে বিপুল অঙ্কের সরকারি অর্থ প্রদান করা কীভাবে সম্ভব হলো সে বিষয়ে সরকারকে পূর্ণ জবাবদিহি করতে হবে। এদিকে পুলিশের তদন্ত চলমান থাকায় পুরো বিষয়টি নিয়ে অন্টারিও রাজনীতিতে চাপ ও অনিশ্চয়তা আরও বাড়ছে।

- Advertisement -

Read More

Recent