প্রকল্প অনুমোদনে গতি আনতে একমত অটোয়া ও অন্টারিও

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

প্রদেশভিত্তিক বৃহৎ প্রকল্পগুলোর অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে ‘ওয়ান প্রজেক্ট, ওয়ান প্রসেস, ওয়ান ডিসিশন’ মডেলের আওতায় একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। গত বৃহস্পতিবার অটোয়ায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির মূল লক্ষ্য হলো ফেডারেল ও প্রাদেশিক উভয় স্তরে পরিবেশগত মূল্যায়ণের প্রয়োজন হয় এমন প্রকল্পগুলোর ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়াকে সরল করা। নতুন ব্যবস্থার আওতায়, যেসব প্রকল্প সম্পূর্ণভাবে অন্টারিও প্রদেশের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত, সেগুলোর পরিবেশগত মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়া এককভাবে অন্টারিও সরকারই সম্পন্ন করবে। এতে কেন্দ্র ও প্রদেশের আলাদা আলাদা প্রক্রিয়ার কারণে যে দীর্ঘসূত্রতা তৈরি হতো, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, “কানাডার জন্য এখন সময় আবারও বড় কিছু করার। এই চুক্তির তাৎক্ষণিক প্রভাব সবচেয়ে বেশি পড়বে রিং অব ফায়ার অঞ্চলে।” উল্লেখ্য, অন্টারিওর উত্তরাঞ্চলে অবস্থিত খনিজসমৃদ্ধ রিং অব ফায়ার অঞ্চল দীর্ঘদিন ধরেই পরিবেশগত মূল্যায়ন ও অনুমোদন জটিলতার কারণে নানা প্রকল্প বাস্তবায়নে বিলম্বের মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট করে বলেন, প্রকল্পের প্রাথমিক দায়িত্ব যদি ফেডারেল সরকারের ওপর পড়ে, সেক্ষেত্রে ফেডারেল প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তবে কোনো প্রকল্প যদি কেন্দ্র ও প্রদেশ উভয়ের এখতিয়ারের মধ্যে পড়ে, তখন সেখানে একটি সমন্বিত বা মিশ্র মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করা হবে। একই সঙ্গে তিনি জানান, মাছের আবাসস্থল ও পরিযায়ী পাখির বিচরণক্ষেত্র সংরক্ষণের মতো বিষয়গুলোতে ফেডারেল সরকার তার দায়িত্ব নিজের কাছেই রাখবে।

কার্নির ভাষায়, “এই পদ্ধতি অনুমোদন প্রক্রিয়াকে আরও দক্ষ করবে এবং বৃহৎ প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। একইসঙ্গে আমরা ফেডারেল ও প্রাদেশিক উভয় পর্যায়ের মানদণ্ড বজায় রাখতে পারব।” তিনি আরও বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ একই তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেবে, একই সময়সীমা অনুসরণ করবে এবং পরস্পরের এখতিয়ারকে সম্মান জানাবে।

ফ্রেঞ্চ ভাষায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ফেডারেল সরকার একই ধরনের চুক্তি নিয়ে ম্যানিটোবা ও প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের সঙ্গেও আলোচনা চালাচ্ছে। তার লক্ষ্য, কানাডার প্রতিটি প্রদেশের সঙ্গে এ ধরনের সমঝোতা গড়ে তোলা, যাতে সারা দেশে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটি সমন্বিত ও কার্যকর কাঠামো তৈরি করা যায়।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি কানাডার অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল। কেন্দ্র–প্রদেশ সমন্বয়ের মাধ্যমে একদিকে যেমন বিনিয়োগ ও উন্নয়ন গতি পাবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষার মানদণ্ড বজায় রাখার চেষ্টাও অব্যাহত থাকবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent