কানাডার ইহুদি কমিউনিটিকে সুরক্ষা দেওয়ার দাবি

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএসআইএস জানিয়েছে অস্ট্রেলিয়ায় একটি হানুকাহ উৎসবে গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে কানাডায় এই মুহূর্তে সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য কোনো হুমকির ইঙ্গিত তারা পাচ্ছে না

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস) জানিয়েছে, অস্ট্রেলিয়ায় একটি হানুকাহ উৎসবে গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে কানাডায় এই মুহূর্তে সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য কোনো হুমকির ইঙ্গিত তারা পাচ্ছে না। তবে দেশজুড়ে ইহুদি কমিউনিটির বিরুদ্ধে সহিংস চরমপন্থী হামলার বাস্তব সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

সোমবার সিএসআইএসের ইন্টিগ্রেটেড থ্রেট অ্যাসেসমেন্ট সেন্টার (আইটিএসি) প্রস্তুত করা এক গোয়েন্দা ব্রিফে বলা হয়, ২০২৫ সালের ছুটির মৌসুমকে কেন্দ্র করে কানাডায় আসন্ন কোনো তাৎক্ষণিক বা বিশ্বাসযোগ্য হুমকির তথ্য নেই। বিশেষ করে ইহুদি কমিউনিটি-সংশ্লিষ্ট অনুষ্ঠান, যেমন হানুকাহ উৎসব ঘিরেও নির্দিষ্ট কোনো হুমকির আলামত পাওয়া যায়নি।

- Advertisement -

তবে ব্রিফে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, হানুকাহসহ বিভিন্ন ধর্মীয় ও ছুটির মৌসুমের অনুষ্ঠানগুলো স্বভাবতই সহিংস চরমপন্থীদের নজরে থাকে। এসব গোষ্ঠীর মূল লক্ষ্য সাধারণত পশ্চিমা স্বার্থ, নির্দিষ্ট ধর্মীয় ও জাতিগত (এথনিক) কমিউনিটি এবং সেসব কমিউনিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতীকী বা ঐতিহাসিক স্থাপনা। ফলে নির্দিষ্ট হুমকির তথ্য না থাকলেও ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ২০২৫ সালের হলিডে সিজনকে কেন্দ্র করে কোনো পরিকল্পিত হামলার বিষয়ে সিএসআইএসের কাছে এই মুহূর্তে তথ্য নেই। একইভাবে কানাডায় হানুকাহ উৎসবকে লক্ষ্য করে হামলার কোনো নির্দিষ্ট ইঙ্গিতও পাওয়া যায়নি। তবু সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে সিএসআইএসের ব্রিফে উল্লেখ করা হয়, কানাডার কয়েকটি পুলিশ বাহিনী ইতোমধ্যে ইহুদি কমিউনিটির এলাকায় এবং সংশ্লিষ্ট ধর্মীয় স্থাপনাগুলোর আশপাশে পুলিশের উপস্থিতি জোরদার করার সিদ্ধান্ত জানিয়েছে। এর উদ্দেশ্য হলো প্রতিরোধমূলক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যেকোনো হুমকির ক্ষেত্রে দ্রুত সাড়া দেওয়া।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডাজুড়ে ইহুদি কমিউনিটির বিরুদ্ধে সহিংসতা ও ইহুদিবিদ্বেষী (অ্যান্টি-সেমিটিক) ঘৃণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মন্ট্রিয়ল ও ভ্যানকুভারে সিনাগগে ফায়ারবম্বিংয়ের ঘটনা ঘটেছে। পাশাপাশি একটি জাতীয় হলোকস্ট স্মৃতিস্তম্ভ বিকৃত করা হয়। অটোয়ায় একটি গ্রোসারি স্টোরে এক ইহুদি নারীকে ছুরিকাঘাতের ঘটনাও আলোচিত হয়। টরন্টোতে ইহুদি সম্প্রদায়ের একটি মেয়েদের স্কুলে ২০২৪ সালে তিন দফা গুলির ঘটনাও ঘটে, যা দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।

বিশ্লেষকদের মতে, সিএসআইএসের এই মূল্যায়ন একদিকে যেমন তাৎক্ষণিক আতঙ্ক কমাতে সাহায্য করছে, তেমনি দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে সামনে আনছে। নির্দিষ্ট হুমকি না থাকলেও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইহুদি কমিউনিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent