তিন সিটির জন্য সাশ্রয়ী আবাসন সংক্রান্ত বিধি স্থগিত করছে অন্টারিও

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ সরকারের প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন বর্তমান নিয়মে সিটিগুলো নতুন উন্নয়নকৃত ভবনে সর্বোচ্চ ৫ শতাংশ সাশ্রয়ী ইউনিট রাখার সুযোগ পায় যা প্রয়োজনের তুলনায় অনেক কম

ট্রানজিট স্টেশনের আশপাশে নতুন নির্মিত ভবনে একটি নির্দিষ্ট হারে সাশ্রয়ী আবাসন ইউনিট রাখার যে বাধ্যবাধকতা তিনটি বৃহৎ সিটির জন্য কার্যকর রয়েছে, তা সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে অন্টারিও সরকার। আবাসন বাজারের বর্তমান মন্দা ও নির্মাণ খাতের চাপের কথা উল্লেখ করে প্রদেশ জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক জোনিং নামে পরিচিত এই নীতিটি আপাতত কার্যকর রাখা বাস্তবসম্মত নয়।

সরকারের প্রস্তাব অনুযায়ী, টরন্টো, কিচেনার ও মিসিসোগায় এই নীতির প্রয়োগ ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত স্থগিত থাকতে পারে। এই তিন শহরেই বর্তমানে ট্রানজিট স্টেশনের কাছাকাছি এলাকায় নতুন উন্নয়ন প্রকল্পে নির্দিষ্ট হারে সাশ্রয়ী ইউনিট রাখার নিয়ম চালু রয়েছে। অন্য কয়েকটি সিটিও ভবিষ্যতে এ নীতি বাস্তবায়নের কথা ভাবছিল।

- Advertisement -

সরকারি নথিতে বলা হয়েছে, ২০২২–২৩ সাল থেকে অন্টারিওর আবাসন বাজার একাধিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে নতুন বাড়ি নির্মাণের গতি কমেছে এবং নির্মাণ ব্যয় ও অর্থায়নের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সুদের হার বৃদ্ধি, শ্রম ও কাঁচামালের দাম বাড়ার কারণে অনেক ডেভেলপার প্রকল্প শুরু করতে আগ্রহ হারাচ্ছেন।

সরকারের মতে, অন্তর্ভুক্তিমূলক জোনিং মূলত শক্তিশালী ও সক্রিয় বাজারে ভালোভাবে কাজ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অন্টারিও সে ধরনের শক্তিশালী বাজার দেখছে না। অনেক মিউনিসিপালিটিও মনে করছে, বর্তমান অর্থনৈতিক অবস্থায় এই নীতি টেকসই নয় এবং এতে নতুন প্রকল্প আরও পিছিয়ে পড়তে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশজুড়ে নতুন বাড়ি নির্মাণের গতি কমে যাওয়ায় আগামী ১০ বছরে ১৫ লাখ বাড়ি নির্মাণের যে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য সরকার নিয়েছিল, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্তর্ভুক্তিমূলক জোনিংয়ের মতো নীতিগুলো ডেভেলপারদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে এমন যুক্তি তুলে ধরেই সরকার এই সাময়িক স্থগিতাদেশের কথা ভাবছে।

তবে সমালোচকরা বলছেন, সাশ্রয়ী আবাসন থেকে সরে আসার সময় এখন নয়। বরং বাড়িভাড়ার লাগামছাড়া বৃদ্ধি ও নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য বাসস্থানের সংকটের মধ্যে এই নীতি আরও জোরদার করা প্রয়োজন ছিল। তাদের মতে, নীতিটি স্থগিত হলে ট্রানজিট-ঘেঁষা এলাকায় সাশ্রয়ী আবাসনের সুযোগ আরও কমে যাবে।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ সরকারের প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, বর্তমান নিয়মে সিটিগুলো নতুন উন্নয়নকৃত ভবনে সর্বোচ্চ ৫ শতাংশ সাশ্রয়ী ইউনিট রাখার সুযোগ পায়, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তার মতে, এই হার কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশে উন্নীত করা উচিত, যাতে প্রকৃত অর্থে আবাসন সংকট মোকাবিলা করা যায়।

সরকার জানিয়েছে, এই প্রস্তাবের বিষয়ে জনসাধারণ ও সংশ্লিষ্ট পক্ষগুলো আগামী সোমবার পর্যন্ত মতামত জানাতে পারবে। প্রাপ্ত মতামত পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবাসন সংকট, নির্মাণ ব্যয় এবং বাজারের বাস্তবতা এই তিনের টানাপোড়েনে অন্টারিওর আবাসন নীতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent