
গ্রেটার টরন্টো এলাকায় বেসরকারি তুষার অপসারণ সেবা নিয়ে ভোক্তাদের একাংশের ভোগান্তি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ‘স্পিকারস কর্নার’–এ প্রচারিত একাধিক অভিযোগে উঠে এসেছে, অনেক গ্রাহক অগ্রিম অর্থ পরিশোধ করেও প্রতিশ্রুত সেবা পাননি। বিষয়টি সামনে আসার পর ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা সতর্ক করছেন এ ধরনের মৌসুমি সেবা গ্রহণের আগে ঝুঁকির দিকগুলো ভালোভাবে বিবেচনা করা জরুরি।
তুষার অপসারণের মতো মৌসুমি সেবা হোক, ল্যান্ডস্কেপিং কিংবা বাসা বদলের কাজ বিভিন্ন খাতে গ্রাহকরা একই ধরনের প্রতারণা ও অবহেলার শিকার হচ্ছেন। কোনো প্রতিষ্ঠানের হাতে অর্থ তুলে দেওয়ার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনলাইন রিভিউ প্রাথমিক ধারণা পেতে সহায়ক হলেও সেগুলোর ওপর অন্ধভাবে নির্ভর করা ঠিক নয়। অনেক সময় দেখা যায়, ভালো মন্তব্যগুলো কৃত্রিমভাবে উপরে তুলে ধরা হয়, যা সবসময় প্রকৃত গ্রাহক অভিজ্ঞতার প্রতিফলন নয়। তাই কেবল শীর্ষস্থানীয় ইতিবাচক মন্তব্য পড়েই সিদ্ধান্ত না নিয়ে, নিচের দিকের নেতিবাচক রিভিউগুলোও মনোযোগ দিয়ে পড়ার পরামর্শ দেন তিনি। এতে বোঝা যায়, কোম্পানিটির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং সেগুলো কতটা গুরুতর।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দরজায় এসে তাৎক্ষণিক প্রস্তাব দেওয়া কোম্পানিগুলোর ব্যাপারে সতর্ক থাকা। যদি কেউ এসে বলে আজই অর্থ দিন, আগামীকাল আমরা তুষার পরিষ্কার করে দেব তাহলে ধরে নিতে পারেন সেখানে বড় ঝুঁকি রয়েছে। তাঁর মতে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা প্রতারণার সাধারণ কৌশল।
অর্থ পরিশোধের ক্ষেত্রেও ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নগদ অর্থ বা ইলেক্ট্রনিক ট্রান্সফারের মাধ্যমে বিল পরিশোধ করলে পরে সেবা না পেলে টাকা ফেরত পাওয়ার সুযোগ প্রায় থাকে না। বিপরীতে, ক্রেডিট কার্ড ব্যবহার করলে ‘চার্জব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। তাই লেনদেনের ক্ষেত্রে নথিভুক্ত ও অনুসরণযোগ্য পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে, গ্রেটার টরন্টো এলাকার কিছু মিউনিসিপালিটিতে বেসরকারি তুষার অপসারণকারী প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে ভন, ওকভিল ও ব্যারির মতো এলাকায় কাজ দেওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানির বৈধ লাইসেন্স আছে কি না তা যাচাই করা গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের ওয়েবসাইট বা সরাসরি সিটি অফিসের মাধ্যমে লাইসেন্স সংক্রান্ত তথ্য যাচাই করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে তুষারপাতের কারণে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সেবা প্রয়োজনীয় হলেও সচেতনতা ছাড়া সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির ঝুঁকি থেকেই যায়। তাই চুক্তিপত্র লিখিতভাবে করা, শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া এবং অর্থ পরিশোধের আগে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করা এসব পদক্ষেপ ভোক্তাদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সর্বোপরি, মৌসুমি জরুরি সেবার প্রয়োজন থাকলেও তাড়াহুড়ো নয়, বরং তথ্যভিত্তিক ও সতর্ক সিদ্ধান্তই ভোক্তাদের জন্য নিরাপদ পথ এমনটাই বলছেন ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা।
Rezaul Haque : Local Journalism Initiative Reporter
