সুপ্রিম কোর্টে কুইবেকের ধর্মনিরপেক্ষতা আইন

২০১৯ সালে কুইবেকের প্রাদেশিক সরকার নেতৃত্বে ফ্রাসোয়াঁ লেগু কোয়ালিশন অ্যাভেনির কুইবেক দলের মাধ্যমে বিল ২১ পাস করে

কানাডার কুইবেক প্রদেশের বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইন, যা ‘বিল ২১’ নামে পরিচিত, তা নিয়ে অবশেষে কানাডার সুপ্রিমকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এই শুনানি দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল এবং আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় কানাডার সাংবিধানিক কাঠামোয় গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

২০১৯ সালে কুইবেকের প্রাদেশিক সরকার, নেতৃত্বে ফ্রাসোয়াঁ লেগু, ‘কোয়ালিশন অ্যাভেনির কুইবেক’ দলের মাধ্যমে বিল ২১ পাস করে। কুইবেকে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য। তবে এর সবচেয়ে বিতর্কিত অংশ হলো সরকারি কর্মচারীদের, বিশেষ করে পুলিশ কর্মকর্তা, শিক্ষক এবং বিচারকদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীকযুক্ত পোশাক পরিধান নিষিদ্ধ করা। এই বিধিনিষেধ সরাসরি প্রভাব ফেলেছে হিজাব, পাগড়ি, কিপ্পা বা ক্রসের মতো ধর্মীয় প্রতীক ব্যবহারকারীদের ওপর, যা মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

- Advertisement -

এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে কানাডার সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা – Section 33 of the Canadian Charter of Rights and Freedoms, যা “নটউইথস্ট্যান্ডিং ক্লজ” নামে পরিচিত। এই ধারার মাধ্যমে কোনো প্রাদেশিক বা ফেডারেল সরকার নির্দিষ্ট ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও একটি আইনকে আদালতের চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দিতে পারে।

কুইবেক সরকার বিল ২১-এ এই ধারা প্রয়োগ করে, যার ফলে আইনটি দীর্ঘদিন ধরে আইনি চ্যালেঞ্জ থেকে কার্যত সুরক্ষিত ছিল। তবে এবার সেই সুরক্ষার বৈধতা ও সীমা নিয়েই প্রশ্ন উঠেছে সর্বোচ্চ আদালতে।

একজন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার পিটার ফনসেকা বলেন , এই মামলার গুরুত্ব শুধু ধর্মনিরপেক্ষতা নিয়ে নয়; বরং এটি মূলত রাষ্ট্র কতদূর পর্যন্ত নাগরিকের মৌলিক অধিকার সীমিত করতে পারে সেই প্রশ্নের ওপর নির্ভর করছে। তার ভাষায়, “এই মামলার কেন্দ্রে রয়েছে মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা স্থগিত করার মানদণ্ড। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কানাডার সাংবিধানিক আইনে এক ধরনের ভূমিকম্প ঘটাতে পারে।”

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্ট যদি নটউইথস্ট্যান্ডিং ক্লজ ব্যবহারের সীমা নির্ধারণ করে বা তা সীমিত করে, তবে ভবিষ্যতে প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতা কমে যেতে পারে। আবার, যদি আদালত কুইবেক সরকারের পদক্ষেপকে বৈধতা দেয়, তাহলে এটি অন্য প্রদেশগুলোকেও একই ধারা ব্যবহার করে বিতর্কিত আইন প্রণয়নে উৎসাহিত করতে পারে।

বিল ২১ নিয়ে এই শুনানি শুধু একটি প্রাদেশিক আইনের বৈধতা যাচাই নয় এটি কানাডার গণতান্ত্রিক মূল্যবোধ, ব্যক্তিস্বাধীনতা এবং সংবিধানের ব্যাখ্যার এক গুরুত্বপূর্ণ পরীক্ষাও। এখন পুরো দেশ তাকিয়ে আছে কানাডার সুপ্রিমকোর্টের রায়ের দিকে, যা নির্ধারণ করবে ভবিষ্যতে রাষ্ট্র ও নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে।

রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ

- Advertisement -

Read More

Recent