ফিফা বিশ্বকাপ চলাকালে টরন্টোতে ট্রাফিক বাড়বে ১৫%

বিশ্বকাপ উপলক্ষে হাজার হাজার আন্তর্জাতিক দর্শক শহরে প্রবেশ করলে এই চাপ আরও বেড়ে যাবে

২০২৬ সালের ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানাডার টরন্টো শহরে সম্ভাব্য তীব্র যানজট নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে শহরের ডাউনটাউন এলাকায় ট্রাফিক প্রবাহ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা নগরবাসী ও প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

প্রতিবেদনটি টরন্টোর নির্বাহী কমিটির সামনে উপস্থাপন করা হলে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডাউনটাউনের প্রধান করিডোরগুলো যেগুলো শহরের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র সেগুলোতেই সবচেয়ে বেশি চাপ তৈরি হবে। বিশ্বকাপ উপলক্ষে হাজার হাজার আন্তর্জাতিক দর্শক শহরে প্রবেশ করলে এই চাপ আরও বেড়ে যাবে।

- Advertisement -

বিশেষ করে ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। টরন্টোতে আয়োজিত ছয়টি ম্যাচের প্রতিটিতে প্রায় ৪৫ হাজার দর্শক বিএমও ফিল্ডে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফোর্ট ইয়র্ক ন্যাশনাল হিস্টোরিক সাইট এবং বেন্টওয়েতে অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টিভালেও প্রায় ২০ হাজার করে দর্শক সমাগমের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে একই সময়ে শহরের বিভিন্ন স্থানে মানুষের ঢল নামবে, যা যানবাহনের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

এই পরিস্থিতিতে কাউন্সিলর জশ ম্যাটলো প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে মার্চ মাস পার করছি এবং জুন একেবারে সামনে। এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনের আগে এখনো কেন স্পষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হয়নি এটা উদ্বেগজনক।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট, নগর কর্তৃপক্ষের পরিকল্পনা এখনও পুরোপুরি দৃশ্যমান নয়, যা সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।

টরন্টো সিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা শুধু স্থানীয় প্রয়োজন বিবেচনায় নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি করতে হবে। তিনি বলেন, “ফিফা আমাদের পরিকল্পনাগুলো পর্যালোচনা করছে। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে, এটি টরন্টোর বাসিন্দাদের জন্য যেমন কার্যকর হবে, তেমনি ফিফার প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে।”

প্রতিবেদনে সম্ভাব্য যানজট মোকাবিলায় কয়েকটি অস্থায়ী ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে : প্রধান সড়কগুলোর স্ট্রিট পার্কিং সাময়িকভাবে তুলে দেওয়া, ট্রাফিক সিগন্যালগুলোকে সমন্বিতভাবে পরিচালনা করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে কিছু হাইওয়ে র‌্যাম্প সাময়িকভাবে বন্ধ রাখা। এগুলো বাস্তবায়ন করা হলে ট্রাফিক প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আয়োজন টরন্টোর জন্য যেমন সম্মানের, তেমনি এটি নগর ব্যবস্থাপনার জন্য একটি বড় পরীক্ষা। একদিকে পর্যটন, ব্যবসা ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে অবকাঠামোগত সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠতে পারে। আগাম পরিকল্পনা, স্বচ্ছ তথ্য প্রদান এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে সম্ভাব্য যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

২০২৬ বিশ্বকাপ টরন্টোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলেও, তা সফল করতে হলে এখনই কার্যকর ও বাস্তবসম্মত ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ

- Advertisement -

Read More

Recent