
অন্টারিও প্রদেশের সার্নিয়ায় সেন্ট ক্লেয়ার নদীতে তেলের ভাসমান স্তর দেখা যাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর অবশেষে পাইপলাইনের ছিদ্র সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছে সান-কানাডিয়ান পাইপলাইন কোম্পানি। ঘটনাটি পরিবেশগত নিরাপত্তা, কর্পোরেট দায়বদ্ধতা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার সূত্রপাত ১১ মার্চ, যখন সার্নিয়ার বৃহৎ তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান সানকোর প্রথমবারের মতো কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী সেন্ট ক্লেয়ার নদীতে ভাসমান তেলের আস্তরণ লক্ষ্য করে। প্রাথমিকভাবে তারা সন্দেহ প্রকাশ করে যে এই তেলের উৎস সম্ভবত সান-কানাডিয়ান পাইপলাইনের কোনো ত্রুটি। পরদিন, ১২ মার্চ, সান-কানাডিয়ান স্বীকার করে যে তারা একটি সম্ভাব্য ছিদ্র সম্পর্কে অবগত রয়েছে। তবে বাস্তবে ছিদ্রটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে কোম্পানিটির সময় লেগে যায় আরও ৯ দিন শনিবার সকালে তারা আনুষ্ঠানিকভাবে ছিদ্র শনাক্তের ঘোষণা দেয়।
সান-কানাডিয়ান জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সার্নিয়ার পেট্রোকেমিক্যাল হাব এলাকায় বিশেষ করে সান এভিনিউ ও সেন্ট ক্লেয়ার পার্কওয়ের সংলগ্ন স্থানে পরিচ্ছন্নতা ও মেরামত কার্যক্রম চলছে। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো তেল নিঃসরণ হয়নি।
অন্টারিওর পরিবেশ মন্ত্রণালয়ও একই ধরনের বক্তব্য দিয়েছে। তাদের মতে, তেল নিঃসরণের উৎসস্থল এবং নদীর আক্রান্ত অংশে তেল শোষণকারী উপকরণ বসানো হয়েছে, যাতে দূষণ ছড়িয়ে না পড়ে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কমিউনিটি, বিশেষ করে ফার্স্ট নেশন গোষ্ঠীগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেছে আমজিয়ানাগ ফার্স্ট নেশন সম্প্রদায়, যাদের রিজার্ভ এলাকা এই নিঃসরণস্থলের কাছেই অবস্থিত। তাদের অভিযোগ, তেলের নিঃসরণের প্রকৃত আকার ও মাত্রা সম্পর্কে তাদের অন্ধকারে রাখা হয়েছে। সম্প্রদায়টির নেতারা জানিয়েছেন, পাইপলাইনে ছিদ্র না হলে এই তেল পরিবহন হতো পাইপলাইনের মাধ্যমেই, কিন্তু এখন তা ট্রাকের মাধ্যমে পরিবহন করতে হচ্ছে, ফলে এলাকায় ভারী যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে তারা পুলিশের সহায়তা চেয়েছেন।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনায় সময়মতো সঠিক তথ্য প্রকাশ এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ছিদ্র শনাক্তে বিলম্ব এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তথ্য আদান-প্রদানের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
উল্লেখ্য, এই পাইপলাইনটি নতুন নয় ১৯৫৩ সালে নির্মিত এই অবকাঠামো অতীতেও দুর্ঘটনার ইতিহাস বহন করে। এর আগে এক বিস্ফোরণে প্রায় ৬০ হাজার লিটার ডিজেল ছড়িয়ে পড়েছিল, যা পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছিল।
সাম্প্রতিক এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, পুরনো পাইপলাইন অবকাঠামোর নিরাপত্তা কতটা নিশ্চিত, এবং এ ধরনের ঝুঁকি মোকাবিলায় কোম্পানিগুলো কতটা প্রস্তুত। একই সঙ্গে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে স্বচ্ছ ও কার্যকর যোগাযোগের প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও, এই ঘটনার দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব এবং দায়বদ্ধতা নির্ধারণ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ
