
কানাডার টরন্টো শহরে আগামী শীত মৌসুম থেকে ফুটপাতের তুষার অপসারণে সাধারণ বাসিন্দাদের পারিশ্রমিক দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সিটি কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভায় এই প্রস্তাবটি অনুমোদন পেয়েছে, যা নগর ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
প্রস্তাব অনুযায়ী, সিটি কর্তৃপক্ষ তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে এমন একটি কর্মসূচি তৈরি করতে, যেখানে বাসিন্দারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ফুটপাতের তুষার পরিষ্কার করে অর্থ উপার্জন করতে পারবেন। এই পরিকল্পনাটি আংশিকভাবে অনুপ্রাণিত হয়েছে নিউ ইয়র্ক সিটি, মিনিয়াপোলিস এবং মন্ট্রিয়ল-এর মতো শহরের বিদ্যমান মডেল থেকে। লক্ষ্য হচ্ছে ২০২৬–২০২৭ শীত মৌসুমের আগেই এটি বাস্তবায়ন করা।
সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই তুষার অপসারণ নিয়ে নানা সমস্যার মুখোমুখি। বিশেষ করে ঠিকাদারদের কাজের মান, সময়মতো সেবা না পাওয়া এবং যন্ত্রপাতির অপ্রতুলতা নিয়ে একাধিকবার সমালোচনা হয়েছে। সিটি ম্যানেজার পল জনসন গত জানুয়ারিতে জানান, নির্ভরযোগ্যতার অভাবে নির্দিষ্ট দিনে মাত্র ৬৬ থেকে ৭৫ শতাংশ সাইডওয়াক মেশিন কার্যকর ছিল। এতে নাগরিকদের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এই প্রেক্ষাপটে, স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চিন্তা থেকেই এই নতুন উদ্যোগের জন্ম।
তবে প্রস্তাবটি নিয়ে সবাই একমত নন। কাউন্সিলর স্টিফেন হলিডে এর তীব্র বিরোধিতা করে বলেন, “এই কর্মসূচি চালু হলে সিটি কর্তৃপক্ষকে একই কাজের জন্য দুইবার অর্থ ব্যয় করতে হবে।” তার মতে, ইতোমধ্যেই তুষার অপসারণের জন্য ঠিকাদার নিয়োগ করা আছে, ফলে নতুনভাবে নাগরিকদের অর্থ প্রদান করলে করদাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। একই সুরে কাউন্সিলর জন বার্নসাইড এই পরিকল্পনাকে “ভয়াবহ ধারণা” বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করেছেন যে এটি ভবিষ্যতে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, টরন্টোর কিছু এলাকায় আগে বাড়ির মালিকদেরই নিজেদের ফুটপাত পরিষ্কারের দায়িত্ব ছিল। কিন্তু ২০২১ সালে সেই নীতিতে পরিবর্তন এনে সিটি নিজেই তুষার অপসারণের দায়িত্ব নেয়। এখন আবার সেই ব্যবস্থার আংশিক পুনর্বিবেচনা করা হচ্ছে তবে এবার পারিশ্রমিকের বিনিময়ে।
নিউ ইয়র্ক সিটি-তে তুষারঝড়ের পর জরুরি ভিত্তিতে অস্থায়ী “স্নো শাভেলার” নিয়োগ করা হয়, যারা বাস স্টপ, ক্রসওয়াক ও ফায়ার হাইড্রেন্ট পরিষ্কার করে। সেখানে ঘণ্টাপ্রতি সর্বনিম্ন ১৯.১৪ ডলার দেওয়া হয়, যা খারাপ আবহাওয়ায় বেড়ে ৩০ ডলার পর্যন্ত হতে পারে। সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইমও দেওয়া হয়।
এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, অন্যদিকে তুষার অপসারণ ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে পরিকল্পনার স্বচ্ছতা, অর্থায়ন কাঠামো এবং বিদ্যমান ঠিকাদারদের সঙ্গে সমন্বয়ের ওপর।
টরন্টোর এই প্রস্তাব নগর ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণের একটি নতুন দিগন্ত খুলতে পারে তবে তা কতটা বাস্তবসম্মত ও কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।
রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ
