
অনলাইনে বিমান টিকিট খোঁজার সময় অস্বাভাবিক কম দামের লোভে পড়ে যেন কোনো ভ্রমণকারী তড়িঘড়ি সিদ্ধান্ত না নেন এমনই সতর্কবার্তা দিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ভোক্তা সুরক্ষা সংস্থা দি অফিস ডি লা প্রোটেকশন দু কনসোমেটর। সাম্প্রতিক সময়ে জাল বা লাইসেন্সবিহীন ট্রাভেল প্ল্যাটফরমের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।
ওপিসি জানিয়েছে, প্রতারণার এই ধরণটি নতুন নয়, তবে এর ব্যবহার দিন দিন বাড়ছে। সাধারণত তৃতীয় পক্ষের কোনো বুকিং ওয়েবসাইটে একজন ভ্রমণকারী অত্যন্ত কম দামের একটি ফ্লাইট দেখতে পান। আকর্ষণীয় এই অফারে প্রলুব্ধ হয়ে অনেকেই দ্রুত টিকিট কেটে ফেলেন।
কিন্তু সমস্যা শুরু হয় ভ্রমণের কয়েকদিন আগে। তখন হঠাৎ করে একটি বার্তা আসে, যেখানে জানানো হয় যে আগের দামে টিকিটটি আর রাখা সম্ভব নয়। এর পরিবর্তে যাত্রীদের সামনে নতুন করে অনেক বেশি মূল্যের টিকিট প্রস্তাব করা হয়। একই সঙ্গে জানানো হয়, আগের টিকিটটি নন-রিফান্ডেবল এবং তা বাতিল করলে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।
ভোক্তা অধিকার সংগঠন অপশন কনসোমেটারসের বিশ্লেষক সারাহ-ইভ লেভাক বলেন, “এই প্ল্যাটফরমগুলো অনেক সময় এমন টিকিট বিক্রি করে যা বাস্তবে তাদের কাছে মজুদই থাকে না। পরে তারা গ্রাহকদের জানায় যে টিকিটটি বৈধ নয় এবং অতিরিক্ত অর্থ দাবি করে বা বিকল্প হিসেবে অনেক বেশি দামের টিকিট অফার করে।” তার মতে, এটি একটি সুপরিকল্পিত কৌশল যেখানে প্রথমে কম দামের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলা হয়, এরপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
ওপিসির তথ্য অনুযায়ী, এসব প্রতারণার সঙ্গে জড়িত বেশিরভাগ প্রতিষ্ঠান নিজেদের ভ্রমণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দেয়। কিন্তু তাদের কাছে কুইবেক সরকারের বৈধ ট্রাভেল এজেন্ট লাইসেন্স থাকে না। এই লাইসেন্স না থাকায় তারা প্রাদেশিক ভোক্তা সুরক্ষা আইনের আওতায় পড়ে না এবং দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা ভ্রমণকারীদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যেমন : অস্বাভাবিক কম দামের অফার দেখলে সতর্ক থাকুন, বুকিংয়ের আগে ওয়েবসাইটের লাইসেন্স ও রিভিউ যাচাই করুন, সরাসরি এয়ারলাইন বা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনার চেষ্টা করুন, পেমেন্ট করার আগে শর্তাবলী ভালোভাবে পড়ুন এবং সন্দেহজনক পরিস্থিতিতে বুকিং বাতিল করে বিকল্প ব্যবস্থা নিন।
ডিজিটাল যুগে অনলাইন বুকিং যেমন সহজ হয়েছে, তেমনি প্রতারণার ঝুঁকিও বেড়েছে। তাই সস্তা দামের প্রলোভনে না পড়ে, সচেতনতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমেই নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, “কম দামের টিকিট সবসময় সেরা ডিল নয় অনেক সময় সেটিই হতে পারে সবচেয়ে বড় ফাঁদ।”
