
মেঘলা আকাশ! ঝুম বৃষ্টির দিন!
আকাশ যেন ধূসর রঙের নরম এক চিঠির পাতা!
বৃষ্টির ফোঁটা লিখে যায় সেখানে অসংখ্য কাব্য গাঁথা!
দেখা হতেই তুমি হেসে বলবে,দেখো, বৃষ্টি এখনও আমাদের জন্যই নামে!
আমি মাথা নাড়ি!
আবারও আমরা দুজন!
আমাদের কতবার দেখা হয় দূরভাসী নদীর মত ভেসে ভেসে!
বাতাসের মত ফিসফিস কাঁপনের মত, তোমায় ছুঁয়ে দেবার জন্য হাত বাড়িয়ে দেই!
এই হাতের মুঠোতেই জীবনের তাবৎ ম্যাজিক!
আমস্টারডামের ইট বিছানো পথে হাঁটতে থাকবো আমরা!
একটা ছাতা থাকবে হাতে!
জানো তো কাছাকাছি থাকার অজুহাত কখনো ফুরিয়ে যায় না!
তুমি বলবে,
মনে আছে, কবে একদিন ভেবেছিলাম জীবন শুধু একাকীত্বের নাম!
আমি হেসে বলব,ভুল ভেবেছিলে!
জীবন আসলে সেই ঋতু,যেখানে ভালোবাসা হলো রঙিন প্রজাপতির মত! আর যেখানে মনের গভীর গোপনে শুধু পাশাপাশি হাঁটার প্রার্থনা!
নদীর ধারে পুরোনো বেঞ্চে বসে আমরা চুপ করে শুনবো বৃষ্টির রিমঝিম সুর!
কথা কম হবে,
নীরবতাই এখানে প্রগলভ!
তুমি আমার কাঁধে মাথা রাখবে,
আমি তোমার হাতের রেখায় খুঁজে নেব সেই মানুষটাকে,
যে কোথাও হারিয়ে যায় নি!
যাবেও না!
কত সাইকেলের ঘণ্টার টুংটাং শব্দ মিলিয়ে যাবে ভেজা বাতাসের ভিড়ে!
আমরা দুজনেই বলবো,
জীবন এত তাড়াতাড়ি কেটে গেলো!
অথচ,আমাদের পথ হাঁটা আজও শেষ হয়নি!
মেঘলা বৃষ্টির দিন শেষ হলে হয়তো সূর্য একটু উঁকি দেবে!
আর আমরা বুঝে নেবো ভালোবাসার সবচেয়ে সুন্দর ঋতু সেই সময়ে আসে,
যখন দুটি মানুষ সময়ের কাছে হার মানে না,
বরং সময়কেই সঙ্গী করে আমস্টারডামের ভেজা পথে হাত ধরে হেঁটে যায়!
( Midwinter Break নামে
একটা ম্যূভি দেখার পর অনেকদিন পর শব্দ বৃষ্টি নামলো)
অটোয়া, কানাডা
