বেসরকারি ক্লিনিকে জিআই এন্ডোস্কপিতে ৬ লাখ ডলার যোগ করছে অন্টারিও

বেসরকারি কমিউনিটি ক্লিনিকগুলোয় ওএইচআইপি ফান্ডেড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল জিআই এন্ডোস্কপিতে ৬ লাখ ডলারের মতো যোগ করার কথা জানিয়েছেন অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স

বেসরকারি কমিউনিটি ক্লিনিকগুলোয় ওএইচআইপি-ফান্ডেড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল (জিআই) এন্ডোস্কপিতে ৬ লাখ ডলারের মতো যোগ করার কথা জানিয়েছেন অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। ২৬ আগস্ট এক বিবৃতিতে ফোর্ড সরকার বলেছে, দশ সপ্তাহের লাইসেন্সের আবেদন চাওয়া হয়েছে এবং ২০২৫ সালের গোড়ার দিকে অনুমোদনগুলো দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স বলেন, সেবা সম্প্রসারণের বিল ও উদ্যোগ আগেভাগে রোগ শনাক্তে ডায়াগনস্টিক সেবাপ্রাপ্তিতে উন্নতি আনতে সহায়ক হবে। কর্মকর্তারা বলেন, এর লক্ষ্য অ্যাপয়েন্টমেন্ট ও সেবাপ্রাপ্তির মধে যে অপেক্ষমাণ সময় তা কমিয়ে আনা।

- Advertisement -

এমআরআই এবং সিটি স্ক্যানের ক্ষেত্রে অন্টারিও সরকার একই ধরনের ঘোষণার পর এই পদক্ষেপ সামনে এল। এর ফলে কর্মকর্তারা প্রদেশজুড়ে প্রায় এক লাখ অ্যাপয়েন্টমেন্ট বাড়বে বলে মনে করছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্টারিওর ৪২টি হাসপাতালে ৪৯টি নতুন এমআরআই মেশিন সংযোজন করা হয়েছে।

কর্মকর্তারা বলেন, অর্থোপেডিক সার্জারির জন্য তৃতীয় দফার আবেদন এই ফলের মধ্যে ইস্যুকরা হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্টারিওতে ছানি ও চোখের অস্ত্রোপচারে অপেক্ষমাণ সময় কমিয়ে আনারও একটি তাগিদ রয়েছে। কর্মকর্তারা বলেন, প্রায় ৩২ হাজার অস্ত্রোপচারের জন্য চারটি বেসরকারি ক্যাটারাক্ট সেন্টার তহবিল পেয়েছে।

অন্টারিওর হাসপাতালগুলোকে সেবার উচ্চ চাহিদা সামাল দিতে হচ্ছে। এ অবস্থায় সমালোচকরা যুক্তি দিচ্ছেন, বেসরকারি ক্লিনিকের সম্প্রসারণ অপেক্ষমাণ সময় বাড়িয়ে দিতে পারে। কারণ, কর্মীদের সরকারি প্রতিষ্ঠানের বাইরে কাজের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।

যদিও ফোর্ড সরকার বলছে, আবেদনে জনবলের পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে, যা সরকারি হাসপাতালগুলোতে জনবলের স্থিতিশীলতা রক্ষা করবে। একই সঙ্গে কেউ যদি বিমা বহির্ভুত সেবা নিতে না চান তাহলে তাকে বিমাকৃত সেবা থেকে কোনো ক্লিনিক বঞ্চিত করতে পারবে না। একইভাবে বিমাকৃত সেবার বিপরীতে কোনো ধরনের অর্থও নিতে পারবে না।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent