
বিশ্বব্যাপী পোলিও নির্মূল লড়াইয়ে ১৫ কোটি ১০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে কানাডা। টরন্টোতে অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনালের সম্মেলনে আন্তর্জাতিক উন্নয়মন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দিয়েছেন।
ফিলিস্তিনি কর্মকর্তারা ২৫ বছর পর গাজা ভূখন্ডে প্রথমবারের মতো পোলিও আক্রান্তের খবর দেওয়ার এক মাস পর তহবিলের এই ঘোষণা এল। এই তহবিল গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের সহায়তায় ব্যয় করা হবে। তারা বিশ^ব্যাপী শিশুদের ভ্যাকসিন দেবে। এর মধ্যে গাজার শিশুদের সংখ্যা প্রায় ৫ লাখ।
হুসেনের কার্যালয় থেকে বলা হয়েছে, সবচেয়ে নাজুক জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে এই অর্থ। তাদের মধ্যে রয়েছে সেইসব মেয়েরা, সহিংস পরিস্থিতির মধ্যে পড়ে স্বাস্থ্যসেবা প্রাপ্তি যাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্ব পোলিও নির্মূলের দ্বারপ্রান্তে অবস্থান করছে। ১৯৮৮ সালের পর থেকে পোলিও আক্রান্তের সংখ্যা ৯৯ শতাংশ হ্রাস পেয়েছে।
পোলিও নির্মূলে কানাডার বিভিন্ন সরকার গত ২৪ বছরে ১০০ কোটি ডলার ব্যয় করেছে। এক লিখিত বিবৃতিতে হুসেন বলেছেন, সবাই মিলে আমরা পোলিও নির্মূল করব এবং বিশ্বের সবখানে শিশুদের জন্য স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তুলব।
একবার কেউ পোলিওতে আক্রান্ত হলে তা থেকে সেরে ওঠার কোনো সুযোগ নেই। এর ফলে পক্ষাঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, শেষ পর্যন্ত যা স্থায়ী হয়ে যায়।
This article was written by Rezaul Haque as part of the LJI
