
গ্রামীণ এবং উত্তর অন্টারিওর প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে ১০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার। ওএনএসএটি (অন্টারিও স্যাটেলাইট ইন্টারনেট) শীর্ষক নতুন এই কর্মসূচি ১৫ হাজার প্রাঙ্গণে স্পেসএক্সের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম আনবে বলে জানিয়েছেন অবকাঠামোমন্ত্রী কিঙ্গা সুরমা।
সুরমা বলেন, এই কমিউনিটিগুলো স্ট্রিমিং ভিডিও কল, অনলাইন গেমিং এবং অন্যান্য কাজে সহায়তা করতে সক্ষম উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেটে প্রবেশের সুযোগ পাবে। প্রদেশের যেসব এলাকায় ইন্টারনেট পৌঁছানো কঠিন সেসব স্থানের লোকদের সংযুক্ত করতে এই সেবা ব্যবহৃত হবে।
এই বছরের জুনে সিস্টেমটি চালু হবে এবং বসন্ত থেকে নিবন্ধন শুরু হবে। প্রদেশ ইকুইপমেন্ট এবং স্থাপন ব্যয় বহন করবে। তবে মাসিক ফি বহন করবে না। এটা প্রায় ১০ কোটি ডলারের বিনিয়োগ বলে জানান সুরমা।
ফোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিনিয়োগের ঘোষণাটি দেন। জবাবে মাস্ক লিখেন, ‘কুল’।
ইনফ্রাস্ট্রাকচার অন্টারিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল লিন্ডসে বলেন, যোগ্য একাধিক পক্ষের মধ্যে শক্তিশালী ও স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছ কারিগরি ও আর্থিক মূল্যায়নে স্পেসএক্স কাজটি পেয়েছে। ইনফ্রাস্ট্রাকচার অন্টারিও স্পেসএক্সের সঙ্গে যে চুক্তিটি স্বাক্ষর করেছে আদিবাসীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ তার অংশ।
লিন্ডসে বলেন, কর্মসূচিটিতে সমঅধিকার নিশ্চিত করতে আদিবাসী কমিউনিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে যাচ্ছে স্পেসএক্স। পাশাপাশি নিয়োগ চুক্তি এবং প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করাও তাদের লক্ষ্য।
স্টারলিংকের পক্ষে ব্যবসা পরিচালনা করছেন জোয়েল চেরকিস। তিনি বলেন, এটি স্থাপন তুলনামূলকভাবে সোজা এবং দ্রুত।
২০২০ সালে যখন তারা উত্তরপশ্চিম অন্টারিওর পিকাঙ্গিকুম ফার্স্ট নেশনের লোকজনের জন্য স্টারলিংক সিস্টেম চালু করে তারা আগাম সাফল্য পায় তারা। শীতকালে প্রত্যন্ত এই কমিউনিটিতে যাওয়ার একমাত্র উপায় থাকে আকাশপথ অথবা আইস রোড।
পৃথিবী থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উপরে নিম্ন কক্ষপথে প্রতি সপ্তাহে ৪০টির মতো স্যাটেলাইট উৎক্ষেপন করে স্পেসএক্স।
This article was written by Rezaul Haque as part of the LJI
