
স্কুল নিউট্রিশন প্রোগ্রামের জন্য ফেডারেল সরকারের সঙ্গে ১০ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর করেছে অন্টারিও। এর ফলে এই কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক শিশু সেবা পাবে।
দেশব্যাপী এ ধরনের কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য ফেডারেল লিবারেল সরকার ১০০ কোটি ডলার বরাদ্দ রেখেছে। ফেডারেল নিউ ডেমোক্র্যাটদের চাপে এই পদক্ষেপ নিয়েছে লিবারেল সরকার।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এক ঘোষণায় বলেন, এই অর্থ পেতে তৃতীয় প্রদেশ হিসেবে অন্টারিও চুক্তিটি করল এবং আগামী তিন বছরে তারা ১০ কোটি ৮৫ লাখ ডলার পাবে।
অন্টারিওর ব্র্যাম্পটনের এক স্কুলে তিনি বলেন, শিশুদের পেট যখন খালি থাকে, পেটের ক্ষুধায় তারা যখন শিক্ষকের কথা শুনতে পায় না, যখন তারা উদ্বিগ্ন থাকে ও শক্তি কমে যায় এবং ক্ষুধার কারণে শ্রেণিকক্ষে মনোযোগ দিতে পারে না তখন আমরা সবাই ভুগি।
ট্রুডো বলেন, এই তহবিলের অর্থ হচ্ছে এই শিক্ষাবর্ষে অন্টারিওর আরও ১ লাখ ৬০ হাজার শিশুর স্বাস্থ্যকর খাবার।
অন্টারিওর প্রাদেশিক কর্মসূচি বর্তমানে ৬ লাখের বেশি শিশুকে খাবার দিচ্ছে এবং ফেডারেল কনজার্ভেটিভরা বলেছে, অন্টারিওর স্কুলগুলোতে ২০ লাখের বেশি শিশু রয়েছে।
এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এই ফেডারেল তহবিলকে স্বাগত জানিয়েছেন। হ্যামিল্টনে এক ঘোষণায় তিনি বলেন, প্রথম দিন থেকেই আমি এই কর্মসূচির বড় ভক্ত এবং শিশুরা যাতে ক্ষুধা নিয়ে স্কুলে না যায় সেটা নিশ্চিত করতে ফেডারেল সরকারের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে যাচ্ছে।
স্টুডেন্ট নিউট্রিশন প্রোগ্রামস এবং এ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এই বসন্তে বাজেটের আগে স্টুডেন্ট নিউট্রিশন প্রোগ্রামে সরকারের বর্তমান বিনিয়োগ দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ, ৩ কোটি ২৩ লাখ ডলার থেকে বাড়িয়ে চলতি বছর ৬ কোটি ৪৪ লাখ ডলার করার আহ্বান জানানো হয়েছে।
অন্টারিও পাবলিক স্কুল বোডস’ অ্যাসোসিয়েশন বলেছে, কর্মসূচিটির মসৃণতার জন্য তারা ফেডারেল ও প্রাদেশিক অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাথলিন উডকক এক বিবৃতিতে লিখেছেন, অন্টারিওর বহু পরিবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মুখে থাকায় এই তহবিল স্কুল কমিউনিটি এবং পারিবারিক বাজেটে দারুণ প্রভাব ফেলেছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
