কিছু পণ্যে ফেডারেল কর অব্যাহতির সঙ্গে সামঞ্জস্য আনছে অন্টারিও

অন্টারিওর অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি

বিদ্যমান প্রাদেশিক রিবেটের আওতায় নেই এমন কিছু পণ্যের প্রাদেশিক বিক্রয় কর (পিএসটি) বাদ দিয়ে ফেডারেল সরকারের দুই মাসের জিএসটি অব্যাহতির সঙ্গে সামঞ্জস্যতা আনতে যাচ্ছে অন্টারিও। এর ফলে অন্টারিওর পরিবারগুলো আরও ১০০ কোটি ডলার কর থেকে স্বস্তি পাবে। ফেডারেল সরকারের সঙ্গে বিস্তৃত আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন অন্টারিওর অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি।

ক্রয়ক্ষমতা সংক্রান্ত সাম্প্রতিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে নতুন বছরে অন্টারিওর করদাতাদের ২০০ ডলারের চেক প্রদানের ঘোষণার পর। প্রিমিয়ার ডগ ফোর্ড গত মাসে ২০০ ডলারের এই চেকের ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, অন্টারিওর বাসিন্দাদের জীবনযাত্রা অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

- Advertisement -

এরপর ফেডারেল সরকার ২০২৩ কর্মরত যাদের বার্ষিক আয় দেড় লাখ ডলারের কম ছিল সেসব কানাডিয়ানের জন্য ২৫০ ডলারের চেকের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ-ও বলেন, জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাওয়া কানাডিয়ানদের সহায়তায় রেস্তোরাঁর খাবার, ডায়াপার, খেলনা, স্ন্যাকস এবং ভিডিও গেমের মতো পণ্যগুলোতে দুই মাসের জন্য জিএসটি অব্যাহতি দেবে।

এই কর অব্যাহতি চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হবে। হলিডে শপিং মৌসুম ও ভ্যালেন্টান’স ডে কেনাকাটার ব্যস্ত সময়েও অনেক কেনাকাটায় এই সুবিধা পাওয়া যাবে।

যদিও সমালোচকরা বলেছেন, ফেডারেল ও অন্টারিওর নির্বাচনকে সামনে রেখে উভয় সরকারই নগদ অর্থের বিনিময়ে কানাডিয়ানদের ঘুষ সাধছে। যাদের সত্যিই প্রয়োজন তাদের জন্য বিশেষ কর্মসূচির মাধ্যমে এই অর্থের আরও ভালো ব্যবহার করা যেতো। যদিও ফোর্ড এবং ট্রুডো উভয়েই বলছেন, জীবনযাত্রার আকাশচুম্বি ব্যয় বৃদ্ধির মধ্যে বহু কানাডিয়ানের ক্রয়ক্ষমতাকে লক্ষ্য করেই এই পদক্ষেপ।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent