
বাড়ির মালিক হওয়ার আকাক্সক্ষা পোষণকারী অন্টারিওর প্রতি চারজনের মধ্যে একজন এই স্বপ্ন ত্যাগ করছেন। বাড়তি মূল্যের কারণে এটা তাদের কয়ক্ষমতার মধ্যে নেই বলে উল্লেখ করেছেন তারা। অন্টারিও রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের (ওরিয়া) নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
ওরিয়ার সমীক্ষায় বলা হয়েছে, কম সুদ ও মূল্যস্ফীতির সুযোগে ৭১ শতাংশ অন্টারিওবাসী বাড়ির মালিক হতে চাইলেও বাড়ির মালিক হওয়া এখনো ব্যয়বহুল বলে ধারণা করা হচ্ছে। সমীক্ষায় অংশ নেওয়া বাড়ির মালিক নন এমন প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই সত্যি সত্যিই বাড়ির মালিক হতে চান বলে মন্তব্য করেছেন। এই গ্রুপটির মধ্যে ৮০ শতাংশ মনে করেন, গত বছরের তুলনায় এখন বাড়ি কেনা আরও বেশি কঠিন হয়ে পড়েছে। ৫৫ শতাংশ মনে করছেন, ২০২৫ সালে বাড়ির দাম কিছুটা হলেও বাড়বে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, বাড়ির মালিক হতে চান এমন প্রায় অর্ধেক অন্টারিওবাসী মালিক হওয়ার আশা হয় ছেড়ে দিয়েছেন অথবা সম্ভাবনাটি ক্ষীণ দেখছেন। বাড়ির মালিক হওয়ার আশা ছেড়ে দিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ২৫ শতাংশ অন্টারিওবাসী। এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন ২৪ শতাংশ অন্টারিওবাসী।
অ্যাবাকস ডেটা পরিচালিত হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ইন অন্টারি: পারসেপশন্স, ইম্প্যাক্ট অ্যান্ড সলিউশন্স (ওয়েভ ৫) সমীক্ষায় আরও দেখা গেছে, ৫১ শতাংশ অন্টারিওবাসী আগামী বছর বাড়ির দাম বাড়বে বলে মনে করছেন। সুতরাং, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। বাড়ির দাম বৃদ্ধির প্রত্যাশাকারীদের এই হার ২০২৩ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, ৭৫ শতাংশ অন্টারিওবাসী মিউনিসিপাল উন্নন মাশুল কমানোর পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। ৭২ শতাংশ অন্টারিও সরকারের সীমা নির্ধারণের প্রতি সমর্থন জানিয়েছেন।
This article was written by Rezaul Haque as part of the LJI
