
মগজে শব্দের হুড়োহুড়ি
কার আগে কে বের হবে
বাক্য গঠনের প্রতিযোগিতা চলছে মস্তিষ্কে
মিলিয়ন মিলিয়ন নিউরনে কথার ঝড় বইছে
মাথার ভিতরে শতোশতো নেতা লক্ষ লক্ষ কর্মী
একেকজন একেকরকম শ্লোগানে উচ্চকণ্ঠ
কথা আর কথা হাজার হাজার কথায় মুখরিত।
— এতো তাড়াহুড়ো কেনরে বাপু!
কে শুনে কার কথা — শব্দরা-ও অস্থির
কয়েকটি মিলে গিয়ে একটা কিছু বলতেই হবে!
অবশেষে —
কয়েকটি মিলে বলতে বলতে যায় উত্তরে
কয়েকটি মিলে বলতে বলতে দক্ষিণে চলে যায়
কয়েকটি মিলে বলতে বলতে চলে পূর্ব দিকে
কয়েকটি মিলে বলতে বলতে ছুটে পশ্চিমে।
ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব পাতাল
সবখানেই মানুষ কথায় মাতাল।
কে শুনে কার কথা —
সকলেই কথা নিয়ে আলাদা হয়ে গেল —
কথারা আর কোনোদিন এক হলো না।
শুধু শুনি! আমার কথা আজ-ও বলা হলো না।।
