
২০২৩ সালে নিবন্ধিত পেনশন প্ল্যানে সদস্য হিসেবে অতিরিক্ত ২ লাখ ৯৩ হাজার কানাডিয়ান নাম লিখিয়েছেন। মঙ্গলবার স্ট্যাটিস্টিকস কানাডা প্রকাশিত উপাত্তে এমনটা জানা গেছে।
স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে রেজিস্টার্ড পেনশন প্ল্যানে (আরপিপি) সক্রিয় সদস্য হিসেবে কানাডিয়ানদের সংখ্যা ৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রায় ৭২ লাখে উন্নীত হয়েছে। এর মধ্যে ৪৯ লাখ সুনির্দিষ্ট পেনশন প্ল্যানের অংশ। এটা এমন এক ধরনের পেনশন, যাতে নিয়োগদাতা বা স্পন্সর প্রতিষ্ঠান কর্মীদের অবসরের পর পেনশন বাবদ নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে থাকে।
সংজ্ঞায়িত বেনিফিট পরিকল্পনায় পেনশনের পরিমাণ কর্মীর আয়ের ইতিহাস, চাকরির বয়স ও বয়সের ওপর নির্ভর করে। ব্যক্তির বিনিয়োগ থেকে মুনাফার ওপর নির্ভর করে না।
বিনিয়োগের পছন্দের ওপর ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে এবং এর বেনিফিট নিশ্চিত নয়। ডিফাইন্ড কন্ট্রিবিউশন পরিকল্পনায় নতুন সদস্য বেড়েছে ৬৫ হাজার ৩০০ জন। এই বৃদ্ধি ২০২২ সালের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ।
কানাডায় পেনশন প্ল্যানে কানাডিয়ানদের অংশগ্রহের সংখ্যা কর্মসংস্থান প্রবৃদ্ধির চেয়ে বেশি। শ্রমশক্তি জরিপ অনুযায়ী, একই সময়ে কর্মসংস্থান প্রবৃদ্ধি হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৮৪৪ বা ৩ দশমিক ৮ শতাংশ।
২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে আরপিপিতে যোগ দেওয়া নারীদের হার পুরুষের চেয়ে বেশি। এই সময়ে নারীদের মধ্যে আরপিপির নতুন সদস্য হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭০০ জন, যা ২০২২ সালের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। এর ফলে আরপিপির সদস্য নারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ।
এর বিপরীতে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত আরপিপির নতুন পুরুষ সদস্যের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৮০০ জন। এর মধ্যে আরপিপিতে পুরুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখের কিছু বেশি। ২০২৩ সালে আরপিপিতে নারীদের হিস্যা ছিল ৫১ দশমিক ৩ শতাংশ।
This article was written by Rezaul Haque as part of the LJI
