
টরন্টোর ওয়েস্ট এন্ডে অবস্থিত একমাত্র সুপারভাইজড কনজাম্পশন সাইটটি আগামী ৩০ দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে চলেছে। প্রাদেশিক তহবিল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পরিচালনাকারী প্রতিষ্ঠান পার্কডেল কুইন ওয়েস্ট কমিউনিটি হেলথ সেন্টার (PQWCHC)–এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা রবার্টসন।
ডাফেরিন স্ট্রিটের পশ্চিমে, ১২২৯ কুইন স্ট্রিট ওয়েস্টে অবস্থিত এই কেন্দ্রটি “কনজাম্পশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস (CTS)” কর্মসূচির অধীনে পরিচালিত হয়ে আসছে। সাত বছরেরও বেশি সময় ধরে এটি টরন্টোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ মাদক সেবনের সুযোগ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। কেবল ২০২৪ সালেই এই সাইট থেকে ৯০০ জনের বেশি ব্যবহারকারী সেবা নিয়েছেন।
রবার্টসন বলেন, “আমাদের কর্মীরা এই খবর শুনে ভেঙে পড়েছেন। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে তহবিল বন্ধের খবর আসার পর দিনটি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। অনেক কর্মী চোখের পানি ফেলেছেন, কারণ তারা জানেন এই কেন্দ্রটি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে।”
অন্টারিও সরকার বলছে, তারা এমন এক নতুন কাঠামো গড়ে তুলতে চায় যেখানে “কমিউনিটির নিরাপত্তা”কে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। সরকারের মতে, বর্তমান সাইটগুলোর অবস্থান ও পরিচালনা সংক্রান্ত কিছু উদ্বেগ রয়েছে, বিশেষ করে স্থানীয় এলাকার নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে। তবে, বিশ্লেষকরা বলছেন, এই তহবিল বন্ধের সিদ্ধান্ত মাদক ব্যবহারকারীদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
সিটি অফ টরন্টোর তথ্য অনুযায়ী, ওয়েস্ট এন্ডে এটিই একমাত্র সুপারভাইজড কনজাম্পশন সাইট। অর্থাৎ এই কেন্দ্র বন্ধ হয়ে গেলে পার্কডেল ও আশপাশের এলাকাগুলিতে নিরাপদ মাদক সেবনের বিকল্প আর থাকবে না।
বর্তমানে PQWCHC প্রতি বছর প্রায় ১১ লাখ ৫০ হাজার ডলার প্রাদেশিক তহবিল পায় CTS সাইট পরিচালনার জন্য। কিন্তু সেই অর্থ ২২ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। যদিও রবার্টসন জানিয়েছেন, তারা চেষ্টা করছেন অর্থবছরের শেষ অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত অন্তত কিছু অর্থ চিকিৎসা ও পুনর্বাসন সেবায় স্থানান্তরের অনুমতি পেতে।
তবে তহবিলের অভাবে সাইটের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। “রাতারাতি আমরা মিলিয়ন ডলার তহবিল জোগাড় করতে পারব না,” বলেন রবার্টসন। “যদিও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২০২৮ সাল পর্যন্ত সেবাটি পরিচালনার অনুমোদন রয়েছে, কিন্তু অর্থ ছাড়া এই অনুমোদন বাস্তবে কোনো কাজে আসবে না।”
তিনি আরও যোগ করেন, “প্রাদেশিক ও ফেডারেল সরকারের নতুন শর্তগুলো কী হবে, তা আমরা জানি না। ফলে নিজস্বভাবে এই সেবা চালু রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।”
স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সামাজিক সংগঠনগুলো বলছে, এই সাইট বন্ধ হয়ে গেলে মাদকাসক্তদের মৃত্যু ও ওভারডোজের হার বেড়ে যেতে পারে। পার্কডেল এলাকা বহু বছর ধরেই মাদক ও মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত সমস্যায় ভুগছে, যেখানে সুপারভাইজড কনজাম্পশন সাইটটি একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় হিসেবে কাজ করছিল।
স্বাস্থ্য অধিকারকর্মীরা এখন সরকারের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন। তাদের দাবি, এই সিদ্ধান্ত শুধু জনস্বাস্থ্য নয়, মানবিক দিক থেকেও ভয়াবহ।
একটি সাইট বন্ধ হওয়া মানে শুধুমাত্র একটি বিল্ডিং হারানো নয় এটি শত শত মানুষের জন্য নিরাপদ জায়গা, চিকিৎসা, সহায়তা এবং মানবিক সহমর্মিতা হারানোর শামিল। টরন্টোর ওয়েস্ট এন্ডের এই ঘটনাটি তাই শুধু এক কেন্দ্রের তহবিল সংকট নয়; এটি মাদকাসক্তি ও জনস্বাস্থ্যের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে এক গভীর প্রশ্নও তুলে দিয়েছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
