৭০০ কর্মী ছাঁটাই করছে বেল কানাডা

কানাডার বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি বেল কানাডার মূল প্রতিষ্ঠান বিসিই ইনকর্পোরেশন ঘোষণা করেছে প্রতিষ্ঠানজুড়ে নতুন করে প্রায় ৭০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে

কানাডার বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি বেল কানাডার মূল প্রতিষ্ঠান বিসিই ইনকর্পোরেশন ঘোষণা করেছে, প্রতিষ্ঠানজুড়ে নতুন করে প্রায় ৭০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানায়, কঠিন হলেও তাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ছাঁটাই “অত্যন্ত জরুরি”হয়ে উঠেছে।

বিসিইর দেওয়া তথ্য অনুযায়ী বেল কানাডার প্রায় ৬৫০ জন ব্যবস্থাপক (ম্যানেজারিয়াল) পর্যায়ের কর্মী এবং এবং সহযোগী প্রতিষ্ঠান বেল মিডিয়ার আরও প্রায় ৪০ জন মিলিয়ে মোট ৭০০ জনের কাছাকাছি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। কোম্পানির দাবি, এই সংখ্যা বেলের মোট কর্মীবাহিনীর মাত্র ২ শতাংশ, আর বেল মিডিয়ার ক্ষেত্রে ১ শতাংশেরও কম। উল্লেখযোগ্যভাবে, ইউনিয়নভুক্ত কোনও কর্মীকে ছাঁটাই করা হয়নি।

- Advertisement -

বেল জানিয়েছে, মিডিয়া বিভাগের যেসব কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়ছেন, তাদের বেশিরভাগই করপোরেট বিভাগের ছিলেন। কোম্পানির মুখপাত্র ক্যাথেরিন কাপলিনস্কাস বলেন “আমাদের প্রবৃদ্ধি পরিকল্পনার সঙ্গে দলের কাঠামোকে আরও সুষ্ঠুভাবে সামঞ্জস্যপূর্ণ করতেই এই উদ্যোগ। আমরা বুঝি, যারা চাকরি হারাচ্ছেন এটি তাদের জন্য খুব কঠিন সময়। তাদের প্রত্যেকের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, বেল ভবিষ্যতেও তার কৌশলগত অগ্রাধিকার, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধির ওপর বিনিয়োগ অব্যাহত রাখবে।

বিসিই এর আগেই জানিয়ে রেখেছিল যে, ২০২৮ সালের মধ্যে ১.৫ বিলিয়ন ডলার (১৫০ কোটি ডলার) ব্যয় সাশ্রয়ের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। এই সাশ্রয় অর্জনের জন্য প্রতিষ্ঠানজুড়ে রূপান্তর, ডিজিটাইজেশন, অটোমেশন এবং পরিচালন দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত মাসে বিনিয়োগকারীদের সামনে বেল তিন বছরের একটি কৌশলগত পরিকল্পনার খসড়া উপস্থাপন করে, যেখানে গুরুত্ব দেওয়া হয় ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ, ওয়্যারলেস সেবার উন্নয়ন, এআই-চালিত এন্টারপ্রাইজ সলিউশন, এবং ডিজিটাল মিডিয়া সেক্টরে প্রবৃদ্ধি অর্জন। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবর্তনশীল বাজার, বিজ্ঞাপন খাতে ধস, এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানের ফলে বেল কানাডার প্রচলিত মিডিয়া ব্যবসায় উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। ফলে ব্যয় কমানোই কোম্পানির জন্য তাৎক্ষণিক সমাধান হিসেবে উঠেছে।

বেল কানাডা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কর্মীসংখ্যা কমিয়ে আসছে। এক বছর আগে প্রতিষ্ঠানটি তার কর্মীবাহিনীর ৯ শতাংশ কমায়, যার ফলে ৪,৮০০ কর্মী চাকরি হারান। একই সঙ্গে কয়েক ডজন রেডিও স্টেশন বন্ধ, একাধিক টেলিভিশন নিউজকাস্টের সমাপ্তি, এবং কাঠামোগত পরিবর্তন আনা হয়। ২০২৩ সালের জুনে আরও ১,৩০০ কর্মী ছাঁটাই করা হয়, যা তখনকার মোট কর্মীর প্রায় ৩ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, ইউনিয়নভুক্ত কর্মীদের স্বেচ্ছা অবসর প্রোগ্রাম ঘোষণা করে, যার লক্ষ্য ছিল কর্মীসংখ্যা ১,২০০ কমানো।

টেলিকম ও মিডিয়া খাত বিশ্লেষকদের মতে, কানাডায় প্রচলিত মিডিয়া প্রতিষ্ঠানগুলো বর্তমানে কঠিন অর্থনৈতিক চাপে রয়েছে। বিজ্ঞাপনের আয়ে উল্লেখযোগ্য পতন, স্ট্রিমিং সার্ভিসের প্রতিযোগিতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারকারীর স্থানান্তর সব মিলিয়ে বেল মিডিয়ার ওপর চাপ বাড়ছে।

বেল কানাডার সাম্প্রতিক ছাঁটাই তাই শুধু ব্যয় সংকোচন নয়; বরং দীর্ঘমেয়াদে টিকে থাকতে নিজেদের পুনর্গঠন করাই মূল লক্ষ্য বলে তারা মনে করছেন।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent