শ্রোতার আসরে ত্রয়ী শিল্পীর পরিবেশনা

শিল্পী চিত্রা সরকার যখন রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলেন তখন তা তথ্যের ভারে কানকে আক্রমণ করে না বরং চিত্রাদির শান্ত সমাহিত নিম্নস্বর কথনভঙ্গিমায়৷ হয়ে ওঠে মনোহর ও মমনোমুগ্ধকর

শিল্পী চিত্রা সরকার যখন রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলেন, তখন তা তথ্যের ভারে কানকে আক্রমণ করে না, বরং চিত্রাদির শান্ত সমাহিত নিম্নস্বর কথনভঙ্গিমায়৷ হয়ে ওঠে মনোহর ও মমনোমুগ্ধকর। শুধুমাত্র তথ্যকে তুলে ধরাই তাঁর উদ্দেশ্য হয় না, বরং তার আড়ালে লুকিয়ে থাকে রবীন্দ্রনাথের দর্শনের মূল মানব মনের নিগূঢ় অনুভবকে স্পর্শ করে মানবতার বন্দনার আরাধ্য। তাঁর স্নিগ্ধ শান্ত মুখ শ্রী অনন্য এক আলোর দ্যুতিতে ভাস্বর হয়ে ওঠে। রবীন্দ্রনাথের গানের শিল্পীকে তো শুধুমাত্র সঙ্গীত পরিবেশন করার তাল লয় সুর আর স্বরলিপি মেনে গান গাওয়ার অনায়াস দক্ষতা অর্জনই নয়, বরং মানুষকে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের নিঃশব্দ নমনীয় কমনীয় অভিব্যক্তির প্রকাশও।

২.

- Advertisement -

মুনমুন রায়ের কণ্ঠে আজই প্রথম রবীন্দ্রসংগীত শুনলাম। ভালো লাগলো রায়ের গান। ভালো লাগলো তাঁর অকপট কথার স্মৃতিচারণ। মুনমুন রায়ের পর যুগল পরিবেশনায় মঞ্চে আসেন শিল্পী শিখা আখতারী আহমাদ ও শিল্পী আরিয়ান হক। আরিয়ান ইতোমধ্যেই এই শহরের সাংস্কৃতিক পরিবারের অধিকাংশের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, সংস্কৃতি অঙ্গনে নানান শাখায় তার দীপ্ত পদচারণা দিয়ে। আজকে আরিয়ানের কণ্ঠে প্রথম আনুষ্ঠানিকভাবে গান শুনলাম। নিশ্চয়ই আরিয়ান সঙ্গীতের নিমগ্ন সাধনায় ভবিষ্যতে আরো আরো ভালো করে গান শোনাবেন৷ আরিয়ানের উচ্চারণে কবিতার আবৃত্তি শুনেছি বহুবার; কিন্তু, আজকে আরিয়ানের কণ্ঠে আবৃত্তি আমার হৃদয় স্পর্শ করেছে। আরিয়ানের নিয়ন্ত্রিত কণ্ঠস্বরে মুগ্ধ আমি।

শিখা আখতারী আহমাদকে জানি বহুগুণে সমন্বিত একজন স্থপতি হিসেবে। স্থপতি হয়েও শিল্প-সাহিত্য নিয়ে শিখার পাঠস্পৃহা ও জ্ঞানতৃষ্ণা বিপুল ও বিস্তৃত। উচ্চারণেও শিখার অনায়াস দখল। তাই শিখার আরেক পরিচয় আবৃত্তিশিল্পী। এতো গূণের সমাহারেও আমার ধারণা শিখার প্রথম ও প্রধান আরাধ্য গান। গানকেই শিখা নিজের একান্ত অনুভবের নির্ভরযোগ্য অবলম্বন হিসেবে সাধনা করেন। গানের সপ্তস্বরের কাছেই যেন শিখার আর্তি ও আরাধনা। শিখা আখতারী আহমাদের গান আমি আগেও শুনেছি।যতবার শুনেছি মুগ্ধ হয়েছি। বিশেষ করে রবীন্দ্রনাথের গানে শিখার মায়াময় কণ্ঠ অনন্য এক অনুভূতির সঞ্চার করে। আজকের শ্রোতার আসরেও শিখা সুরের মায়াবী রশ্মি দিয়ে শ্রোতাদের প্রাণে ভালোলাগার আলো বিলিয়ে দিয়েছেন। অনেক অনেক দিন পর শিখা আখতারী আহমাদের কণ্ঠে এতোগুলা গান শুনলাম। ভালো লাগলো খুব। বুঝতে অসুবিধে হয় না, শিখা গান করে নিজের কানকেই আগে সন্তুষ্ট করতে চান। শিখার গান শোনা আলাদা এক অভিজ্ঞতা!

শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেছেন চিন্ময় কর। কীবোর্ডে সঙ্গত করেছেন অনন্ত নির্ঝর বড়ুয়া। সত্যি বলতে কি নির্ঝরের বাদন শুনে আমি অবাক হয়ে বারবার তাকিয়ে ছিলাম তার দিকে। নির্ঝরের হাতের আঙ্গুলের ছোঁয়ায় সৃষ্ট সুরের মুর্ছনা সারা হলের প্রতিটি শ্রোতার কানে মধু বর্ষণ করেছে। নির্ঝরের জন্য অনেক অনেক শুভকামনা।

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, কানাডাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রবীন্দ্রনাথের গানের শিল্পীদের পরিবেশনা দিয়ে শ্রোতাদের গান শোনানোর এরকম উদ্যোগের জন্য। সংশ্লিষ্ট সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।

- Advertisement -

Read More

Recent