
কানাডায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে জনপ্রিয় শিশু-পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান চিক বেবি তাদের বিচিক এবং চিকিউ মডেলের বেবি নেস্ট বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির “ইলেভেন” ব্র্যান্ডের আওতায় বিক্রি হওয়া এসব পণ্যের ব্যবহারে পড়ে যাওয়া, গলায় ফাঁস লাগা এবং আটকা পড়ার ঝুঁকি রয়েছে বলে হেলথ কানাডা জানায়।
হেলথ কানাডার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যাহারকৃত পণ্যের মধ্যে রয়েছে শিশুদের মাথার বালিশ, বিভিন্ন ডিজাইনের প্রিন্টেড ফেব্রিক দিয়ে তৈরি বেবি নেস্ট, প্রতিটি নেস্টের সঙ্গে “ইলেভেন” ব্র্যান্ড ট্যাগ সংযুক্ত এবং চিকিউর মডেলটি বিশেষভাবে হাতব্যাগের মতো ভাঁজ করে বহনযোগ্য।
চিক বেবি জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত কানাডায় মোট ৩,০০৭ ইউনিট বেবি নেস্ট বিক্রি হয়েছে। এখন পর্যন্ত (১৮ জুলাই ২০২৫ পর্যন্ত) এসব পণ্য ব্যবহারের কারণে কোনো দুর্ঘটনা বা আঘাতের ঘটনা প্রতিষ্ঠানটির কাছে রিপোর্ট হয়নি।
হেলথ কানাডা বাবা-মা এবং কেয়ারগিভারদের উদ্দেশে স্মরণ করিয়ে দিয়েছে শিশুর ঘুমানোর সবচেয়ে নিরাপদ স্থান হলো কঠিন, সমান, সমতল পৃষ্ঠ। শিশুকে সবসময় চিৎ হয়ে শোয়ানো উচিত। প্রত্যাহারকৃত বেবি নেস্ট অবিলম্বে ব্যবহার বন্ধ করতে হবে। এবং ভবিষ্যতে পুনঃব্যবহার ঠেকাতে এগুলো নিরাপদভাবে ধ্বংস করে ফেলতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্য সম্পর্কিত অতিরিক্ত তথ্য বা সহায়তার জন্য ভোক্তারা ইমেইলের মাধ্যমে চিক বেবির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন
হেলথ কানাডা আরও জানিয়েছে, কেউ যদি এই পণ্য ব্যবহারের কারণে স্বাস্থ্য বা সুরক্ষা-সংক্রান্ত কোনো সমস্যা দেখে থাকেন, তবে তাদের কনজ্যুমার প্রোডাক্ট ইনসিডেন্ট রিপোর্ট ফরম পূরণ করে তা জানানোর অনুরোধ করা হচ্ছে।
