টরন্টোর আবাসন তহবিল এক কোটি ডলার কমাচ্ছে অটোয়া

ফেডারেল আবাসনমন্ত্রী গ্রেগর রবার্টসন বলেন কানাডাজুড়ে কমিউনিটিগুলোতে আরও বেশি আবাসন নির্মাণের পথে যেসব প্রতিবন্ধকতা ও লাল ফিতার দৌরাত্ম রয়েছে সেগুলো দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

টরন্টোকে দেওয়া ফেডারেল আবাসন তহবিল কমানোর ঘোষণা দিয়েছে কানাডার কেন্দ্রীয় সরকার। নগরজুড়ে সিক্সপ্লেক্স (একই প্লটে ছয়টি আবাসিক ইউনিট) নির্মাণের অনুমতি দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অটোয়া।

শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় ফেডারেল সরকার জানায়, টরন্টোর জন্য বরাদ্দকৃত হাউজিং অ্যাকসেলারেটর ফান্ড (এইচএএফ) থেকে ১ কোটি ডলার কমানো হবে। সরকারের দাবি, টরন্টো সিটি কর্তৃপক্ষ এই তহবিল সংক্রান্ত চুক্তিতে করা প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি।

- Advertisement -

ফেডারেল আবাসনমন্ত্রী গ্রেগর রবার্টসন  বলেন, “কানাডাজুড়ে কমিউনিটিগুলোতে আরও বেশি আবাসন নির্মাণের পথে যেসব প্রতিবন্ধকতা ও লাল ফিতার দৌরাত্ম রয়েছে, সেগুলো দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে হাউজিং অ্যাকসেলারেটর ফান্ডের ক্ষেত্রে ফলাফল ও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং চুক্তির সততা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের লক্ষ্য কানাডাজুড়ে আরও বেশি সংখ্যক বাড়ি নির্মাণ।”

এদিন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ–এর কাছে পাঠানো এক চিঠিতে রবার্টসন উল্লেখ করেন, টরন্টো কিছু বিলম্বিত আবাসন উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি দেখালেও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পিছিয়ে আছে। সেটি হলো নগরব্যাপী সিক্সপ্লেক্স নির্মাণের অনুমতি।

টরন্টো সিটি কাউন্সিল সম্প্রতি মাত্র নয়টি ওয়ার্ডে সিক্সপ্লেক্স নির্মাণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ ফেডারেল সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, সিক্সপ্লেক্স অনুমতি শহরজুড়ে কার্যকর হওয়ার কথা ছিল। এ সিদ্ধান্তের পরই অটোয়া সতর্ক করে দেয়, চুক্তির শর্ত পূরণ না হলে টরন্টোর বার্ষিক তহবিল পরিশোধের ২৫ শতাংশ পর্যন্ত কর্তন করা হতে পারে।

রবার্টসন তার চিঠিতে স্পষ্ট করে বলেন, সিক্সপ্লেক্স টরন্টোর বিদ্যমান জোনিং ও অনুমতির কাঠামোর মধ্যেই নির্মাণ করা সম্ভব এবং এ ক্ষেত্রে নগরব্যাপী অনুমতি দেওয়া ছিল চুক্তির অন্যতম প্রধান শর্ত।

উল্লেখ্য, টরন্টো সিটি কর্তৃপক্ষ ২০২৩ সালে ফেডারেল সরকারের সঙ্গে এইচএএফ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন বছরে ৬০ হাজার ৯৮০টি নতুন আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্যে টরন্টোর জন্য মোট ৪৭ কোটি ১১ লাখ ডলার বরাদ্দ রাখে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে এখন পর্যন্ত সিটি কর্তৃপক্ষ পেয়েছে ২৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।

চুক্তি অনুসারে, আগামী মার্চ মাসে এই তহবিলের তৃতীয় কিস্তি পাওয়ার কথা রয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ শেষ কিস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শেষ কিস্তি পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে টরন্টোকে ৬০ হাজার ৯৮০টি নতুন বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

ফেডারেল সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে টরন্টোর আবাসন নীতি ও সিটি কাউন্সিলের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আবাসন সংকটে থাকা শহরটিতে সিক্সপ্লেক্স অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে আরও কঠোর আর্থিক চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent