
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের জন্য জরুরি ভিসা কর্মসূচি চালুর মধ্য দিয়ে সরকার অস্থায়ী অভিবাসন ব্যবস্থাকে খাটো করছে বলে সতর্ক করেছিলেন ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। আদালতে দাখিল করা নথিতে এমনটাই দেখা গেছে।
তৎকালীন অভিবাসনমন্ত্রী শন ফ্রেজারকে দেওয়া এক মেমোতে অভিবাসন বিভাগের কর্মীরা এ ব্যাপারে উদ্বেগ তুলে ধরেছিলেন। কর্মসূচিটির ঘোষণা দেওয়ার পরপরই এই উদ্বেগ জানিয়েছিলেন তারা।
ফেডারেল সরকারের বিরুদ্ধে দুজন আফগান কানাডিয়ানের দায়ের করা মামলার অংশ হিসেবে নথি অংশত উন্মুক্ত করে দেওয়া হয়। তারা অভিযোগ করেন, রাশিয়ান আগ্রাসন থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের তুলনায় আফগান শরনার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে কানাডা।
ইউক্রেন ভিসা প্রোগ্রামের বিস্তারিত তুলে ধরা হয়েছে মেমোতে। কর্মসূচিটিতে অনির্দিষ্ট সংখ্যক ইউক্রেনীয় ও তাদের পরিবারের সদস্যদের কানাডায় আসার সুযোগ দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিতে হয় অভিবাসীদের। নীতিটিতে এই শর্ত থেকেও ইউক্রেনীয়দের অব্যাহতি দেওয়া হয়েছে।
শন ফ্রেজার শেষ পর্যন্ত নীতিটিতে উল্লেখিত বিভাগের সুপারিশগুলো প্রকাশ না করার ব্যাপারে রাজি হন। এর নজিরবিহীন ও অস্বাভাবিক চরিত্রের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
This article was written by Rezaul Haque as part of the LJI
