
উদ্ভিজ্জ দুধের সঙ্গে সংশ্লিষ্ট লিস্টেরিওসিসের সংক্রমণে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অন্টারিওর স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে অন্টারিওতে মোট তিনজনের মৃত্যু হলো।
এক বিবৃতিতে বলা হয়েছে, অন্টারিওতে লিস্টেরিয়ার সংক্রমণে তৃতীয় ব্যক্তির মৃত্যুর বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেই সঙ্গে এই সংক্রমের তদন্ত চলছে।
লিস্টেরিয়া দুষিত সিল্ক এবং গ্রেট ভ্যালু ব্র্যান্ডের দুধ পান করার পর মোট ২২ জন অসুস্থ্য হন। এর মধ্যে অন্টারিওর বাসিন্দা রয়েছেন ১৩ জন, কুইবেকের পাঁচজন এবং নোভা স্কশিয়া ও আলবার্টার একজন করে। অসুস্থদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের বয়স সাত থেকে ৮৯ বছর। তবে অসুস্থদের ৭০ শতাংশের বয়স ৫০ বছরের বেশি।
সংস্থাটি বলেছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মধ্য জুলাই পর্যন্ত এসব মানুষ অসুস্থ হয়েছিল। তবে কোনো ব্যক্তির অসুস্থ হওয়া এবং তা জানানোর মধ্যে একটি নির্দিষ্ট সময় থাকায় আরও অনেকেই অসুস্থ হতে পারে। এখন পর্যন্ত এই সময় ৯ এবং ২৯ দিনের মাঝামাঝি।
এই সংক্রমণ শুধুমাত্র প্রদেশ বা অঞ্চলগুলোর মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। কারণ, উদ্ভিজ্জ ওই বেভারেজ সারা দেশব্যাপী বিতরণ করা হয়েছে। সিল্ক ব্র্যান্ডের অ্যামন্ড মিল্ক, নারিকেলের দুধ, অ্যামন্ড-কোকোনাট মিল্ক এবং ওট মিল্কের পাশাপাশি গ্রেট ভ্যালু ব্র্যান্ডের অ্যামন্ড দুধও প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত অধিকাংশ পণ্যের মেয়াদ ছিল ৪ অক্টোবর পর্যন্ত।
পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা বলেছে, প্রত্যাহারকৃত পণ্য ফেলে দেওয়া উচিত অথবা যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দেওয়া উচিত।
কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি বলেছে, লিস্টেরিয়ায় বিষাক্ত পণ্যকে দেখতে অথবা গন্ধে নষ্ট মনে নাও হতে পারে। তারপরও এটা আপনাকে অসুস্থ করতে পারে।
লিস্টেরিয়োসিসের যেসব উপসর্গ তার মধ্যে আছে বমি হওয়া, বমি বমি ভাব, টানা জ¦র, মাংসপেশীতে ব্যথা, তীব্র মাথাব্যথা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া। গর্ভবতী নারীদেরও ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে। তারপরও লিস্টেরিয়োসিস অপরিণত সন্তান জন্মদান, নবজাতকের সংক্রমণ অথবা স্টিলবার্থের মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
This article was written by Rezaul Haque as part of the LJI
