
দুটি সাশ্রয়ী আবাসন প্রকল্প নিয়ে এগোচ্ছে সিটি অব টরন্টো। এর অংশ হিসেবে কেনসিংটন মার্কেটের পার্কিং লটকে সাশ্রয়ী আবাসনে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। যদিও প্রকল্পটির পূর্ণাঙ্গ অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি।
সিটি কর্তৃপক্ষ বলেছে, কেনসিংটন মার্কেটের প্রকল্পটির ফলে ৩৫ বেলেভু এভিনিউতে ৭৮টি নতুন বাড়ি নির্মিত হবে। সেখানে প্রাইভেট স্টুডিও এবং এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট থাকবে। ভবনটিতে শেয়ার্ড লন্ড্রি, কমিউনাল কিচেন এবং বাসিন্দাদের জন্য প্রোগ্রামিং স্পেসের মতো ব্যবস্থা থাকবে।
মেয়র অলিভিয়া চাউ বলেন, আমরা আবাসন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। লোকজন রাস্তার ওপর মারা যাচ্ছে এবং এটা খুবই হতাশাজনক। বাড়ি পাওয়ার অর্থ হলো আমরা জীবন বাঁচাতে পারব। আমরা আশা তৈরি করতে পারব।
নতুন এই মডিউলার হোমগুলো গৃহহীন অথবা যারা গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে তাদের জন্য বরাদ্দ রাখা হবে। ইউনিটগুলো ভাড়া দেওয়া হবে এবং কোনো ভাড়াটিয়াই তাদের আয়ের অথবা সামাজিক সহায়তা বাবদ প্রাপ্ত শেল্টার অ্যালাউন্সের ৩০ শতাংশের বেশি পরিশোধ করবেন না। সিটি কর্তৃপক্ষ বলেছে, একই সঙ্গে ভাড়াটিয়ারা তাদের আবাসন, স্থায়ীত্ব, স্বাস্থ্যের উন্নতির বিভিন্ন ধরনের সহায়তা প্রাপ্য হবেন।
কাউন্সিলর ডায়ানে স্যাক্স এক ঘোষণায় বলেন, এই শহরে সাশ্রয়ী আবাসনের প্রয়োজনটা খুব বেশি হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচেনায় এটা দারণ এক সাশ্রয়ী আবাসন প্রকল্প হতে যাচ্ছে।
নতুন এই বাড়িগুলোর অবস্থান এনক্যাম্পমেন্ট গজিয়ে ওঠা পার্কের মাত্র কয়েক কদম দূরে।
চাউ বলেন, এই প্রকল্প বিশেষভাবে তাদের জন্য নয়। তবে যে ২৬ হাজার মানুষ সহায়তামূলক আবাসন সুবিধার জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ এই সুবিধা পাবেন। বেলেভু স্কয়ারে যারা বসবাস করছেন তাদের মধ্যে কেউ কেউ অপেক্ষমাণ এই তালিকায় থাকতে পারেন এবং আমরা আরও অনেক সাপোর্টিভ আবাসন তৈরি করবে। আমাদের এ ধরনের অসংখ্য প্রকল্পের দরকার।
প্রকল্পটি বাস্তবায়ন হলে কেনসিংটন মার্কেট কমিউনি্িট ল্যান্ড ট্রাস্ট (কেএমসিএলটি) এবং সেইন্ট ক্লেয়ার’স মাল্টিফেইথ হাউজিং সোসাইটি এগুলো ভাড়া দেবে এবং পরিচালনা করবে। উভয় প্রকল্পই এই ফলে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৫ সাল নাগাদ এটি শেষ হবে।
This article was written by Rezaul Haque as part of the LJI
