
প্রতিদিন একটি মুখ খুঁজে ফিরি
নাগরিক কোলাহলে রৌদ্রজ্বল দিনে
হাজারও মানুষের ভীড়ে
চায়ের স্টলে ধুমায়িত কাপে
সিগারেটের সুখটানে
খুঁজে ফিরি পাশের ফ্লাটে
দূরের বারান্দায় ঝোলানো কাপড়ের ফাঁকে
খুঁজে ফিরি বিকেলের সোনাগলা রোদে
রোদ চশমায় ঢাকা পটলচেরা দু’চোখে
খুঁজে ফিরি অস্থিরতায় অবচেতন মনে
জিন্সের পকেটে মোবাইলে
খুঁজে ফিরি মিসড কলে
প্রতিদিন একটি মুখ খুঁজে ফিরি
শত কাজে শত ব্যস্ততায়
খুঁজে ফিরি হঠাৎ বৃষ্টিতে ছাতা মাথায়
বৃষ্টিসিক্ত লাবণ্যময়ী কোন নারীর মুখে
খুঁজে ফিরি বাসের অপেক্ষায়
ক্লান্ত অবসন্ন দীর্ঘ সারির মাঝে
প্রতিদিন একটি মুখ খুঁজে ফিরি
হঠাৎ দেখা পাশের বাড়ির মেয়েটির আদলে…
মন্ট্রিয়ল, কানাডা
